গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রামুর বৌদ্ধমন্দির ও বসতিতে হামলা হয়েছে পরিকল্পিতভাবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে এ রকম পরিস্থিতি না-ও হতে পারত। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। স্থানীয় প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনছে না বলেও মন্তব্য করেন তিনি। ড. কামাল হোসেন গতকাল রোববার দুপুরে কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বৌদ্ধমন্দির পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ড. কামাল বলেন, ‘সরেজমিন রামু ঘুরে যা দেখলাম, তা কোনো বিবেকবান মানুষ সহ্য করতে পারবে না। মনে হচ্ছে, নিজের বাড়িতে এ হামলা হয়েছে। আমরা এ বর্বর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’ ড. কামাল হোসেন বলেন, গত ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে এসে বললেন, আর কোনো মন্দিরে হামলা হবে না। এ ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তবে ঘটল উল্টোটা। স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উখিয়ায় বৌদ্ধমন্দিরে অগ্নিসংযোগ ও হামলা হলো। গত শনিবার রাতেও সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনছে না স্থানীয় প্রশাসন।রামুর ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, ‘আগে বহির্বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে কথা বলতাম। এখন মাথা নিচু করে চলতে হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’ বৌদ্ধমন্দির পরিদর্শনের আগে ড. কামাল রামুর বড়ুয়াপাড়ায় ক্ষতিগ্রস্ত লোকজনের কথা শোনেন এবং কেন্দ্রীয় সীমা বিহারে গিয়ে ভিক্ষু ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন গণফোরোমের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী, শান্তিপদ, মফিজুল ইসলাম খান প্রমুখ। গত ২৯ সেপ্টেম্বর রাতে রামু সদরের ১২টি বৌদ্ধমন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ছোট-বড় আট শতাধিক বুদ্ধমূর্তিসহ মূল্যবান দলিল পুড়ে যায়। পরের দিন উখিয়া ও টেকনাফের আরও সাতটি বৌদ্ধমন্দিরে হামলা চালানো হয়।