স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৃষক ফেডারেশনের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা ও লাশ গুম করার হুমকি দেওয়ার অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ কৃষক ফেডারেশন বরিশাল জেলার নেতারা। গতকাল মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়।বরিশাল জেলা কৃষক ফেডারেশনের সভাপতি মো. হারুন ভান্ডারী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, সদর উপজেলার চরবদনা মৌজার কীর্তনখোলা নদীতে জেগে ওঠা রসুলপুর চর দখলে নিতে বরিশালের ভূমিদস্যুরা উঠেপড়ে লেগেছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে বরিশাল সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মজিবর রহমান সরোয়ারের সহযোগিতায় চরের সরকারি খাসজমি প্লট বিক্রির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয় ভূমিদস্যুরা। ক্ষমতার বদল হলে বর্তমান মেয়র শওকত হোসেন হিরণও ওই ভূমিদস্যুদের সহযোগিতা করছেন। তিনি সিটি করপোরেশনের লোক দিয়ে রসুলপুর চরের ২০০ শতাংশ খাসজমিতে ১০০টি প্লট তৈরি করেছেন। কিন্তু এই খাসজমি ভূমিহীনদের মধ্যে বণ্টন না করে সিটি করপোরেশনের বিভিন্ন কাউন্সিলর, আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের মধ্যে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এর বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার কাছে আবেদন করলে ভূমিদস্যুরা কৃষক ফেডারেশনের নেতাদের হত্যা ও লাশ গুম করার হুমকি দিচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়।কারা হুমকি দিচ্ছে সে বিষয়ে স্মারকলিপিতে স্পষ্ট করে বলা হয়নি।মেয়র শওকত হোসেন বিদেশে থাকায় খাসজমিতে প্লট নির্মাণের ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।