স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি গণজাগরণ মঞ্চের
নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজ মঙ্গলবার স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আজ দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে এই স্মারকলিপি দেন। পরে তিনি সাংবাদিকদের জানান, সারা দেশে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মী নিহত ও আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, ‘আমাদের দাবির বিষয়ে বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন। কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের নীরব ভূমিকা ও শিথিলতা দেখা গেছে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, অন্যান্য মামলার মতোই গণজাগরণ মঞ্চের নেতা-কর্মী নিহত ও আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব ঘটনায় জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছেন তিনি।