স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া সময়সীমায় আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গত সোমবার সাংবাদিকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। কিন্তু মামলার এজাহারভুক্ত আসামিদের গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।তবে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় স্থানীয় পেট্রল পাম্পের কাছ থেকে মনির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি উপজেলার রাজারামপুর ধনতোলা গ্রামে। পুলিশের দাবি, মনির হোসেন হামলার সঙ্গে জড়িত। কিন্তু মনির তা অস্বীকার করেন।এদিকে গৃহবধূদের অমানুষিক নির্যাতনের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা রাজেন্দ্র কুমারকে মামলার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাউল শহীদকে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।জানা গেছে, বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনের ঢাকা থেকে আসা প্রতিবেদক জেমসন মাহবুব, রংপুর প্রতিনিধি লিয়াকত আলী ও ক্যামেরাম্যান এ এইচ এম রাশেদ ওই দিন দুপুরে উপজেলার কাশীগঞ্জ গ্রামে সালিসে দুই গৃহবধূকে নির্যাতনের ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে কতিপয় দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনজনই আহত হন। গুরুতর আহত সাংবাদিক লিয়াকত আলীকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ওই দিনই ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বুক, পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলার ঘটনায় আহত সাংবাদিক লিয়াকত আলী বাদী হয়ে সোমবার মধ্যরাতে মধুপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আয়নাল হক ও তাঁর স্ত্রী, মাদ্রাসাশিক্ষক সেকেন্দার আলীসহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তির নামে থানায় মামলা করেছেন।সাংবাদিকদের ওপর ওই হামলার ঘটনার সংবাদ একুশে টেলিভিশনে প্রচারিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সোমবার বিকেলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকারকে সরাসরি টেলিফোন করে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন।বদরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, ‘মন্ত্রীর নির্দেশের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় অবাক হয়েছি।’ বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার বলেন, এই হামলায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।