স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ অথবা অপসারণের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যার দায়ভার কাঁধে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ অথবা তাঁকে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার রাতে দলটির স্থায়ী কমিটির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।বিবৃতিতে বিশ্বজিৎ হত্যার বিষয়ে বিরোধী দলকে জড়ানো এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় স্মৃতিসৌধে যাওয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদের বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়।গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পর গতকাল এ বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, ‘বিরোধী দলের পূর্বঘোষিত নিয়মতান্ত্রিক কর্মসূচি প্রতিরোধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের প্রকাশ্যে নির্দেশ দিয়েছিলেন। তাঁর উসকানি পেয়েই শাসক দলের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, চাপাতি, লোহার ডান্ডা নিয়ে বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরাই রাজপথ অবরোধ চলাকালে বিশ্বজিৎ দাসকে পৈশাচিক কায়দায় কুপিয়ে হত্যা করে। অথচ, প্রধানমন্ত্রীর দপ্তর মিথ্যার বেসাতি করে বলেছে, সন্ত্রাসীরা ছাত্রলীগের কেউ নয়, বিরোধী দলের সঙ্গে যুক্ত। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’