স্তম্ভ ধরে হরতালের সমর্থকদের ‘নাড়াচাড়া’ করা সাভারে রানা প্লাজা ধসের একটা কারণ হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ‘উন্মাদের প্রলাপ’ বলা যেতে পারে। এটা দেশের ও দলের জন্য ক্ষতিকর।গতকাল শুক্রবার সকালে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ পরিদর্শনকালে এরশাদ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম, তাঁর (স্বরাষ্ট্রমন্ত্রী) কেবিনেটে থাকা উচিত নয়।’জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দুর্ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যে বক্তব্য দিয়েছেন, তা কোনো সুস্থ মানুষের বক্তব্য নয়। তিনি কোনো ব্যক্তি বা দলের লোককে বাঁচানোর জন্যই এমন বক্তব্য দিয়েছেন, যা জাতির জন্য কলঙ্কজনক।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দুর্ঘটনা ঘটে। তদন্ত কমিটি হয়। এরপর আর কোনো খবর রাখা হয় না। যে শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশি অর্থ উপার্জনে সহায়তা করেন, তাঁদের জীবনের কোনো মূল্য নেই। তিনি বলেন, ‘রানা প্লাজার এই মর্মান্তিক দুর্ঘটনায় কত লোক মারা গেছে, তা আমরা এখনো জানি না। এই ভয়াবহ দুর্ঘটনার কথা আমরা দুই দিন পর ভুলে যাব। ইমারত নির্মাণবিধি মেনে এই ভবন নির্মাণ করা হলে এ ধরনের দুর্ঘটনা ঘটার কথা নয়।’লাশ গুমের অভিযোগ সম্পর্কে এরশাদ বলেন, ‘সেনাবাহিনী না থাকলে এতগুলো জীবন রক্ষা করা যেত না। সেনাবাহিনীর কোনো ইন্টারেস্ট নেই যে লাশ গুম করবে। এটা খুবই অন্যায় অভিযোগ।’এরশাদ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা আহত ব্যক্তিদের দেখতে যান।