মার্কিন রাষ্ট্রদূতের সংলাপের পরামর্শের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘উসকানিমূলক ও অরাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে শফিকুর রহমান এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, ‘খুনিদের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়। সংলাপ নয়, আগে দমন।’ এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য তাঁর নিজের ব্যাপারে প্রযোজ্য। বিবৃতিতে দাবি করা হয়, বর্তমানে যে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য সরকারের অগণতান্ত্রিক ও উসকানিমূলক ভূমিকা দায়ী। জামায়াত-শিবিরকে রাজপথে বা ঘরোয়া কোনো কর্মসূচিই পালন করতে দিচ্ছে না পুলিশ। শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে পুলিশ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ‘সন্ত্রাসীরা’ প্রকাশ্যে সশস্ত্র হামলা চালাচ্ছে। অফিস জ্বালিয়ে দিচ্ছে, লুট করছে। এর ফলে দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার বন্ধ করার মাধ্যমে বর্তমান সংকট নিরসন হতে পারে বলে দাবি করেন জামায়াতের সেক্রেটারি।