স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করলেন সাংবাদিকেরা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাংবাদিকেরা। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তাঁরা সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনকে ধাক্কাধাক্কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানান।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে গত বৃহস্পতিবার শাহবাগ এলাকায় পুলিশি হামলায় দুই সাংবাদিক আহত হন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেখুন, সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়—এইটা স্বাভাবিক।’
সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত দুই শতাধিক সাংবাদিক গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন। তাঁদের কেউ কেউ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। তাঁদের হাতে ‘মুক্ত স্বদেশ, বন্দী সাংবাদিকতা,’ ‘সংবাদের স্বাধীনতা চাই’, ‘কলম আর ক্যামেরা মাথা নত করে না’—বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আমরা দুঃখের সঙ্গে লক্ষ করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। তিনি বলেছেন, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির জন্য নাকি দুই সাংবাদিক আহত হয়েছেন। এই সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করছি।’
জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী বলেন, ‘একজন মন্ত্রী বললেন পুলিশ সাংবাদিকদের পেটায় না, মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লাগে। কী অদ্ভুত রসিকতা! এর চেয়ে নির্মম রসিকতা পৃথিবীতে আর হতে পারে না। আরেকজন মন্ত্রী বললেন, এই ঘটনা নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র। যদি আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েই থাকে, তাহলে তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলছি, আপনারা আন্তর্জাতিক মানের তদন্ত কমিটি গঠন করুন। তারপর তদন্ত অনুযায়ী যারা শাস্তি পাবে তাদের শাস্তি দিন। শাস্তি না দিলে আমরা সিদ্ধান্ত নেব, পরবর্তীতে পুলিশের সংবাদ পরিবেশন করব কি না।’
এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা প্রশ্ন তোলেন, সাংবাদিক নির্যাতন করলে পুরস্কৃত হওয়া যায় কি না? অভিযুক্ত পুলিশকে সাময়িক প্রত্যাহারের নামে ‘জামাই আদরে’ রাখারও সমালোচনা করেন তিনি।
মানববন্ধন শেষে আগামী ২ ফেব্রুয়ারি বেলা ১১টায় কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে সব সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
গত বৃহস্পতিবার জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিম।
এটিএন নিউজের কয়েকজন কর্মী জানান, গত বৃহস্পতিবার শাহবাগ মোড়ে পুলিশ বাহিনীর সদস্যরা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মীদের ওপর হামলা চালিয়ে একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই দুই সংবাদকর্মী সংবাদের জন্য ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করলে পুলিশ অতর্কিত ওই হামলা চালায়।
হামলায় আহত আবদুল আলিম গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর পায়ে, কোমরে ও পাঁজরে প্রচণ্ড ব্যথা। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি একটা কথাই বলব, আর যেন কোনো সাংবাদিক এমন নির্যাতনের শিকার না হন।’
এদিকে ওই দিন রাস্তায় ফেলে মিজানুর রহমান নামে যে ব্যক্তিকে পেটানো হয়, তিনি এখন কিছুটা সুস্থ বোধ করছেন। তিনি প্রথম আলোকে বলেন, সুন্দরবনের ক্ষতি হয় এমন যেকোনো প্রকল্পের বিরুদ্ধে তিনি আগের মতোই সোচ্চার থাকবেন। ওই দিনের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, যাঁরা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁরা ছিলেন নিরস্ত্র। তাঁদের ঠেকাতে পুলিশ বর্ম পরে অস্ত্র ও জলকামান নিয়ে এসেছিল। এটিই তাঁকে সেদিন রাগিয়ে দিয়েছিল।