সড়ক দুর্ঘটনার মামলা নিয়ে পাঁচটি সংগঠনের মন্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য 'দায়িত্বহীন প্রতিশ্রুতি'
সড়ক দুর্ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যার অভিযোগে) মামলা নেওয়া হবে না—নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এমন আশ্বাসকে দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন প্রতিশ্রুতি বলে মন্তব্য করেছে পাঁচটি সংগঠন।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ পরিবারবর্গ (ফুয়ারা), সাইফ ফাউন্ডেশন, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট ও বাংলাদেশ প্রেস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন সংগঠনের নেতারা।
লিখিত বক্তব্যে বলা হয়, শ্রমিক নেতাদের চাপে স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ, তা চালকদের বেপরোয়া গাড়ি চালাতে উৎসাহিত করবে। সড়ক দুর্ঘটনার মামলা কোন ধারায় হবে, তা আইন মন্ত্রণালয় বলতে পারে। এ ছাড়া একটি মামলার অভিযোগপত্র কোন ধারায় দাখিল হবে বা নিষ্পত্তি হবে, তা কোনো মন্ত্রীর প্রতিশ্রুতিমতো নয়, আদালতই নির্ধারণ করবেন। মন্ত্রীর প্রতিশ্রুতি আইনের স্বাভাবিক গতিকে ব্যাহত করবে।
দুর্ঘটনা বিষয়ে দুই মন্ত্রীর অবস্থানের প্রতি ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘রাস্তাঘাটে যানবাহন যেমন বেপরোয়া, তেমনই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা কথাবার্তায় বেপরোয়া। দুর্ঘটনায় বিচারের পর কার কী শাস্তি হবে এবং কোন ধারায় মামলা হবে, সেটা আইন ও আদালতের বিষয়। এ নিয়ে মন্ত্রীর প্রতিশ্রুতি এখতিয়ারবহির্ভূত।’
সাংসদ তারানা হালিম বলেন, দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন মন্তব্য সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে। এতে ১৬ কোটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়বে।
সংবাদ সম্মেলনে পেশাদার চালকের লাইসেন্স নবায়নের প্রক্রিয়া শিথিল করার আশ্বাসের সমালোচনা করে বলা হয়, এতে দুর্ঘটনার সম্ভাবনা বাড়বে।