স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বনানীর বাসার ফোন নম্বর থেকে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোহরাব হোসেন নামের এ ব্যবসায়ী ধামরাই থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানতে চাইলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে ফোন করে এ ঘটনা নিয়ে আর অগ্রসর না হওয়ার জন্য তাঁকে অনুরোধ করা হয়েছে। ব্যবসায়ী সোহরাব হোসেন জিডিতে বলেন, ১৫ জুন বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার ফোন থেকে তাঁর ছেলেকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। সোহরাব প্রথম আলোকে বলেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি ফোনটি করেন। ফোনে ওই ব্যক্তি জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যেতে বলেন। তিনি অপারগতা প্রকাশ করলে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পরে তিনি মন্ত্রীর বাড়িতে যান। এরপর জোর করে একটি স্ট্যাম্পে তাঁর সই রেখে দেওয়া হয়। জিডিতে কেন স্বরাষ্ট্রমন্ত্রী বা তাঁর শ্যালকের পরিচয় উল্লেখ করেননি, জানতে চাইলে সোহবার বলেন, মন্ত্রীর নাম বললে পুলিশ জিডি নিত না।
তবে জিডিতে উল্লেখ করা নম্বর ধরে খোঁজ নিয়ে জানা যায়, নম্বরটি মন্ত্রীর বনানীর বাসার সরকারি নম্বর। গত সোমবার রাতে ওই নম্বরে ফোন করা হলে জনৈক দেলোয়ার হোসেন ফোন ধরেন। এই নম্বর থেকে সাভারের ব্যবসায়ীকে ফোন করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রীর শ্যালক রাশেদুল হক ওরফে শুভ্র ফোনটি করেছিলেন।
পরে মোবাইল ফোনে রাশেদুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাভারের ব্যবসায়ীকে ফোন করার কথা স্বীকার করেন। তবে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এক ব্যক্তি মন্ত্রীর বাড়িতে নালিশ দিতে এসেছিলেন। মন্ত্রী দেশে নেই, তাই তিনি বিষয়টি মিটমাট করার জন্য দুই পক্ষকে মন্ত্রীর বাসায় আসতে বলেন। দুই পক্ষ বাসায় আসার পর তিনি সবকিছু শুনে বিষয়টি মীমাংসা করে দেন। মন্ত্রীর বাড়িতে লোকজনকে ডেকে নিয়ে বিরোধ মেটানোর দায়িত্ব মন্ত্রী আপনাকে দিয়েছেন কি না, জানতে চাইলে রাশেদুল বলেন, ‘মানুষ বিপদে পড়লে সাহায্য করতে দোষ কোথায়? তা ছাড়া আমি তো কোনো অন্যায় করিনি।’