স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাকা চৌধুরীর মামলা আদালতে খারিজ
গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বাদী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় মামলা করেন। শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেন। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত-১-এ গতকাল সকালে মামলাটি দায়ের করা হয়। বেলা পৌনে একটার দিকে মামলার বাদী সালাউদ্দিন কাদের চৌধুরী বিপুলসংখ্যক আইনজীবীসহ আদালতে হাজির হন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষেও বিপুলসংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষের আইনজীবীরা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মামলার নথিতে বাদী উল্লেখ করেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গত ১৭ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ সব যুদ্ধাপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এ বক্তব্যের কারণে তাঁর জীবনের ওপর হুমকি আসতে পারে। এ আশঙ্কা করে তিনি ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় এ মামলাটি দায়ের করতে আসেন। আদালত বাদীর বক্তব্য প্রায় ২০ মিনিট শুনেন। ফৌজদারি কার্যবিধির সব উপাদান না থাকায় শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন মামলাটি খারিজ করে দেন।