স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আজ বুধবার সচিবালয়ে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডগুলো তদন্তে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে তিনি মন্ত্রীকে জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে কথা বলতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি মন্ত্রীকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সব কটি হত্যাকাণ্ডের নিন্দা জানায়। আর জুলহাসের ঘটনাটি ব্যক্তিগত বিষয়ও বটে।

প্রসঙ্গত, গত সোমবার কলাবাগানের বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার ও পুলিশের পক্ষে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো রোধ করা সম্ভব না। তাই এসব হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।

জুলহাজ ও মাহবুবকে হত্যার দায় স্বীকার করে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’-এর বিবৃতি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এটির বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত নয়।