স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মন্তব্যে’র ব্যাখ্যা জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ‘মন্তব্যে’র ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ১০ দিনের মধ্যে আইনজীবীর মাধ্যমে তাঁকে এ ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এই আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম দৈনিক আমার দেশ, দৈনিক সংগ্রাম ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মন্তব্য’ গতকাল ট্রাইব্যুনালের নজরে আনেন। আবেদনে বলা হয়, ওই তিনটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, মহীউদ্দীন খান আলমগীর মিসরের রাজধানী কায়রোয় গত বৃহস্পতিবার বলেছেন, ‘বাচ্চু রাজাকারের রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ সপ্তাহে দ্বিতীয় রায় ঘোষণা করবেন। আর তৃতীয় বিচারের রায় আগামী ১৪ তারিখ ঘোষণা করা হবে।’এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষাধীন মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সত্যি এ ধরনের মন্তব্য করে থাকেন, তবে তাঁকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। এ ধরনের বক্তব্যে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে।‘ট্রাইব্যুনালকে অবৈধ বলতে পারেন না’: ওই আদেশের পর ট্রাইব্যুনাল তাজুল ইসলামকে বলেন, জামায়াতে ইসলামীর নেতারা বিভিন্ন সময় বিবৃতি দিয়ে ট্রাইব্যুনালকে অবৈধ বলেন, এটি ঠিক নয়। রাজনৈতিক অবস্থান থেকে তাঁরা এটি বাতিলের দাবি করতে পারেন। কিন্তু আইনগতভাবে গঠিত এ ট্রাইব্যুনালকে অবৈধ বলতে পারেন না। ট্রাইব্যুনাল আইনজীবীকে বিষয়টি জামায়াতের নেতাদের জানাতে বলেন। তাঁরা (জামায়াতের নেতারা) যেন এ ধরনের বক্তব্য না দেন, সে বিষয়েও ট্রাইব্যুনাল সতর্ক করেন।পরে তাজুল ইসলাম বলেন, বিষয়টি তিনি জামায়াতের নেতাদের জানাবেন।এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে শুনানি ২৬ ফেব্রুয়ারি: একই ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মন্তব্যের বিষয়ে শুনানির জন্য ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। মন্তব্যের বিষয়ে তাঁর ব্যাখ্যা দেওয়ার ধার্য দিন ছিল গতকাল। তাঁর আইনজীবী মুন্সি আহসান কবির এ জন্য সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশে বলেন, প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মহানগর নাট্যমঞ্চে গত ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এম কে আনোয়ার বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে।’