স্বরাষ্ট্রসচিব পদে বদল
স্বরাষ্ট্রসহ চার মন্ত্রণালয়ের সচিব পদে রদবদল করা হয়েছে। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মুসতাক আহমেদকে। আর স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেনকে কৃষিসচিব করা হয়েছে।গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। একই আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মিকাইল শিপারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আরেক আদেশে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আখতার হোসেনকে ভূমি আপিল বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, পুলিশের মহাপরিদর্শকের পদটি জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদার করার ফলে স্বরাষ্ট্রসচিব মনজুর হোসেন পদমর্যাদায় আইজিপির নিচে পড়ে যান। এ কারণে মনজুর হোসেনকে বদলি করে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার মুসতাক আহমেদকে স্বরাষ্ট্রসচিব করা হয়েছে।