সাতক্ষীরা সদর উপজেলায় আওয়ামী লীগের নেতার বাড়িতে অস্ত্র উদ্ধারের নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।জানা যায়, গত ২৩ মে বিভিন্ন পত্রিকায় সাতক্ষীরার সদর উপজেলার নতুয়াডাঙা গ্রামের শফিকুলকে সাজানো অস্ত্র মামলায় গ্রেপ্তারের চেষ্টা এবং জনগণের অবরোধের মুখে তাঁকে ছেড়ে দেওয়ার সংবাদটি প্রকাশিত হয়। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও সোসাইটি অব জাস্টিসের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২৬ মে আদালত রুল জারিসহ কয়েক দফা নির্দেশনা দেন। একই সঙ্গে আদালত নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া ঘটনা তদন্তের নির্দেশ দেন। গতকাল এ বিষয়ে শুনানি শেষে আদালত উক্ত নির্দেশ দেন।