স্বরিৎ ললিতকলা কেন্দ্রের আয়োজনে ১৯ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় রাগাশ্রয়ী বাংলা গানের আসর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিবাকর কানুনগো। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পী ফিরোজা বেগম ও পণ্ডিত রামকানাই দাশের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বামী বিবেকানন্দ রচিত ‘নহি সূর্য নহি জ্যোতি’ গানটি বাগেশ্রী রাগে গেয়ে প্রথমেই দর্শকদের মুগ্ধ করেন শিল্পী সুব্রত দাশ। এরপর তিনি গেয়ে শোনান—‘আমি ফুলকে যেদিন ভালবেসে’ গানটি। মিশ্র খাম্বাজ রাগে তাঁর গাওয়া ‘উচাটন মন ঘরে রয় না’ এই জনপ্রিয় নজরুলসংগীতও দর্শকের মন ছঁুয়ে যায়। শেষে রাগ আহির ভৈরবের সুরে তিনি গাইলেন ‘অরুণ কান্তি কে গো যোগী ভিখারী’। সুব্রত দাশের পর গান পরিবেশন করেন শিল্পী সংযুক্তা দাশ। মিঞা কি মালহার রাগে ‘ঘোর ঘনঘটা ছাইল গগনে’ এবং শুদ্ধ সারং রাগে ‘ঝর ঝর বারি ঝরে’ গেয়ে দর্শকদের বিমোহিত করেন তিনিও। এরপর শিল্পী রিটন কুমার ধর শুরু করেন ‘ছলনা জানি তবু’ গানটি দিয়ে। কলাবতী রাগে গাওয়া এই গানের পর দরবারি কানাড়া ও মিশ্র রাগে গাইলেন নিজের রচিত গান ‘বিরহের দিন কেটে যায়’ এবং ‘ভালবাসার নকশীকাঁথা’।
পরের শিল্পী ছিলেন বীরেন দে। শুরু করলেন ইমন রাগে—‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ গানটি দিয়ে। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া জনপ্রিয় এই গানের পর গাইলেন মিয়া কি মালহার রাগে—‘মেঘ এসে ছুঁয়ে ছুঁয়ে যায়’।
আসরের শেষ শিল্পী মোহাম্মাদ হেলাল উদ্দিন রাগনির্ভর আরও কয়েকটি গান পরিবেশন করেন।
শিল্পীদের সঙ্গে তবলায় সংগত করেন রণধীর দাশ, রতন বণিক ও সানি দে এবং এসরাজে ছিলেন মদনমোহন ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আবুল মনসুর আজাদ।