স্বরূপকাঠিতে একটি পরিবারের গ্রাম ছাড়ার উপক্রম
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার পাটিকেলবাড়ী এলাকার একটি পরিবারের সদস্যদের একই এলাকার কয়েক ব্যক্তি হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে পরিবারটির গ্রাম ছাড়ার উপক্রম হয়েছে। তারা নিরাপত্তা চেয়ে সম্প্রতি স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে আবেদন করেছে। জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধে পাটিকেলবাড়ী গ্রামের হাজি আবদুর রহিম ফকির খুন হন ১৯৯০ সালের ১ ডিসেম্বর। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে সাহিদা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় মোসলেহ উদ্দিন, আমজেদ ফকির (কারাগারে মারা গেছেন), ইয়াফিস ফকির (কারাগারে মারা গেছেন), লাভলু ফকির, মাজেদ ফকির, মোক্তার আলী ও আকরামকে আসামি করে স্বরূপকাঠি থানায় একটি হত্যা মামলা করেন। পরে আসামিদের ৩০ বছর করে কারাদণ্ড হয়। সাজা খেটে আসামিরা ২০১০ সালের শেষ দিকে কারাগার থেকে মুক্তি পান।নিহত আবদুর রহিমের জামাতা হারুন অর রশিদ ফকির নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ওই আবেদন করেন। হারুন অর রশিদ অভিযোগ করেন, তিনি, তাঁর দুই ছেলে ও কয়েকজন আত্মীয়কে হুমকি দিচ্ছেন মাজেদ ফকির ও তাঁর ছেলে আলামিন, মৃত আমজেদ ফকিরের ছেলে লাভলু, ইয়াফিস ফকিরের ছেলে একচান ফকির ও মোক্তার আলী। যাঁরা ওই হত্যা মামলা পরিচালনা করেছেন, তাঁদের সবাইকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়।এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও মাজেদ ফকিরসহ অভিযুক্ত ব্যক্তিদের পাওয়া যায়নি। পাটিকেলবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুুল লতিফ জানান, হারুন আর রশিদ ফকির ও তাঁর স্বজনদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।