স্বরূপকাঠিতে কার্গোর ধাক্কায় সেতু বিধ্বস্ত
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শীতলা খালের ওপরের সেতুটি কার্গোর ধাক্কায় বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী এ কে আজাদ জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শীতলা খালের পূর্ব দিক থেকে দ্রুতগতিতে এমভি আফসানা মিমি নামে একটি কার্গো স্বরূপকাঠি বন্দরের কাছের জগন্নাথকাঠি সেতুর সঙ্গে ধাক্কা খায়। এতে সেতুটি ভেঙে যায়। সরেজমিনে দেখা গেছে, শীতলা খালের উত্তর পাড়ের বন্দর স্বরূপকাঠির মূল বন্দর হিসেবে পরিচিত। এখানে বাজার স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব-রেজিস্ট্রারের কার্যালয় আছে। দক্ষিণ পাড়েও বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, পৌরসভা কার্যালয় ও উপজেলা পরিষদ কার্যালয় রয়েছে।স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম জানান, জগন্নাথকাঠি সেতুর দৈর্ঘ্য প্রায় ৩০০ ফুট। এই সেতু দিয়ে প্রতিদিন ছয় থেকে সাত হাজার লোক স্কুল, কলেজসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। সেতুটি ভেঙে যাওয়ায় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, ওই কার্গোর মালিক স্থানীয় ব্যবসায়ীদের সেতুটি তিন দিনের মধ্যে মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ সময়ের মধ্যে মেরামত না করলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।