১৯৭১ সালে লুটপাট ও বাঙালিদের হত্যাকাণ্ডে ইন্ধন জোগানোর অভিযোগ তুলে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান শিকদারকে স্বরূপকাঠিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা রোববার উপজেলা সদরে মিছিল ও সভা করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে। উপজেলা আওয়ামী লীগের মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত পথসভায় স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এস এম মুইদুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, মতিয়ার রহমান শিকদার ১৯৭১ সালে স্বরূপকাঠি বন্দরে অনেক লুটপাট চালিয়েছেন। এ ছাড়া তিনি বিভিন্ন হত্যাকাণ্ডে ইন্ধন জুগিয়েছেন।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বলেন, স্বাধীনতাযুদ্ধে স্বরূপকাঠিতে লুটপাট ও হত্যাকাণ্ডের ইন্ধনদাতাদের মধ্যে মতিয়ার রহমান শিকদার ছিলেন অন্যতম। এ কারণে যুদ্ধাপরাধী হিসেবে তাঁর বিচার হওয়া উচিত। স্বরূপকাঠি উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান শিকদার তাঁর বিরুদ্ধে আনা মুক্তিযুদ্ধকালে লুটপাট ও হত্যাকাণ্ডে ইন্ধন জোগানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের সময় আমার বয়স ছিল ৩৩ বছর। এ সময় আমি পার্শ্ববর্তী হারতা বন্দরে (বর্তমানে বরিশালের উজিরপুর উপজেলার অধীন) ব্যবসা করতাম। পাক সেনারা আমার ব্যবসাপ্রতিষ্ঠানের অনেক ক্ষতি করেছে।’