১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল মঙ্গলবার বরিশালের স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করেছে। ট্রাইব্যুনালের তদন্ত দলের প্রধান ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) হেলাল উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের দলটি গতকাল বেলা ১১টা থেকে বধ্যভূমি পরিদর্শন শুরু করে। তদন্ত দল ওই উপজেলার আটঘর কুড়িয়ানা পেয়ারাবাগান বধ্যভূমি, কুড়িয়ানা মাধ্যমিক বিদ্যালয় বধ্যভূমি, ইদিলকাঠি, অলংকারকাঠি, কাছারিউলা (বরছাকাঠি), সোহাগদল, দৈহারীসহ বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন করে।বধ্যভূমি পরিদর্শনের আগে তদন্ত দলের সদস্যরা স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করেন। ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তদন্ত দলের প্রধান হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুইদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ প্রমুখ।আবদুল আউয়াল মুঠোফোনে জানান, তদন্ত দল স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে ও বধ্যভূমি পরিদর্শন করতে এসেছিল। তাদের তালিকায় ছারছিনা ও গাবতলা বধ্যভূমি না থাকায় স্থানীয় ব্যক্তিরা বিষয়টি তুলে ধরেন। পরে তদন্ত দল এ বধ্যভূমি দুটিও পরিদর্শন করে।