স্বরূপে ফিরছে ঢাকা

প্রতিটি ঈদে রাজধানীর চিরচেনা রূপটি বদলে যায়। রুদ্ধশ্বাস ছুটে চলা মানুষ, যানজটে স্থবির সড়ক, দিকে দিকে কর্মচাঞ্চল্য, মানুষে গিজগিজ রাস্তাঘাট-ফুটপাত-দোকানপাট, ধুলাবালির দমবন্ধ করা দূষণ, উচ্চমাত্রার শব্দের অসহনীয় যন্ত্রণার শহরটি হঠাৎ শান্ত, নিস্তরঙ্গ, স্নিগ্ধ, অলস হয়ে পড়ে। তবে এই চিত্র বেশি দিন ধরে রাখতে পারে না কোলাহলের ঢাকা। কোরবানির ঈদের ষষ্ঠ দিন গতকাল বৃহস্পতিবার স্বরূপে ফেরার আয়োজন দেখা গেছে এই শহরে।
ধীরে ধীরে মানুষ বাড়ছে শহরের রাস্তায়। বাড়ছে গাড়ি। কর্মক্ষেত্র হয়ে উঠছে সরব। রোববার নাগাদ চিরচেনা রূপে দেখা যাবে ঢাকাকে।
রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, ঈদের পরে গতকাল সবচেয়ে বেশিসংখ্যক গাড়ি চলেছে। বিপণিবিতানগুলোর ঝাঁপ উঠছে আলস্য ভেঙে। বাড়ছে মানুষের আনাগোনা। এ মাসেই সনাতন হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। কেনাকাটা শুরু হবে আবার।
জাবালে নূর পরিবহন লিমিটেডের ৪০টি গাড়ি আগারগাঁও থেকে উত্তরার আবদুল্লাহপুর পর্যন্ত চলাচল করেছে। একটি গাড়ির চালক মো. আলাউদ্দিন বলেন, ‘আমাদের সবগুলো গাড়ি রাস্তায় (চলছে)। ঈদের পর এত দিন কোনো সিগন্যালে দাঁড়াতে হয়নি। আজ (বৃহস্পতিবার) কয়েক স্থানে সিগন্যালে পড়তে হয়েছে।’
আগামী রোববার নাগাদ ঢাকা আগের চেহারায় ফিরবে বলে মনে করছেন বাসচালক ও যাত্রীরা। দেখা মিলবে যানজটের। বাসে গাদাগাদি করে হবে যাতায়াত। তবে গতকালই আয়াত পরিবহনে বেশ কয়েকজন যাত্রীকে দাঁড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে। দাঁড়ানো এক যাত্রী বলেন, ‘কয়েকটা দিন বাসে আরামে চলাচল করেছি। আবার শুরু হলো কষ্ট।’
রেস্তোরাঁগুলোতেও গতকাল লোকসমাগম ছিল কয়েক দিনের তুলনায় বেশি। ফিরেছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকে। বাজারে সবজি-মাছের সরবরাহ বেড়েছে। অফিসগুলোও ছিল সরগরম।
জিগাতলা বাসস্ট্যান্ড-লাগোয়া ট্রাম্প ক্যাফেটি খুলেছে ঈদের পঞ্চম দিনে। সেদিন ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকলেও গতকাল উল্লেখযোগ্যসংখ্যক ক্রেতা এসেছেন। গতকাল বিকেলে একটি টেবিলও খালি ছিল না।
ট্রাম্প ক্যাফের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ক্রেতার চাপ বেশি। খাবার শেষ হয়ে যাওয়ার পরে পুনরায় রান্না হচ্ছে। বেশি চলছে ট্রাম্প কাপ স্পেশাল স্যান্ডউইচ, বার্গার ও আইসক্রিম।
বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ১ থেকে ৭ পর্যন্ত বেশির ভাগ দোকান খোলা ছিল কাল। ক্রেতার চাপ কম। তবে লেভেল ৮-এর ফুডকোর্ট বন্ধ ছিল। শপিং মলের কাস্টমার কেয়ার সার্ভিসের মো. সোলায়মান বলেন, ৯৫ শতাংশ দোকান খুলেছে। শুক্রবার নাগাদ সব দোকান খুলে যাবে।
এখানেই কথা রিনা পালের সঙ্গে। তিনি কাঁঠালবাগান থেকে বাসার টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে এসেছেন। বললেন, ঈদের পরে তুলনামূলক কম দামে কেনাকাটা করা যায়, তাই আসা।
আবার সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ঢাকা ডাইং নামের দোকানে বিছানার চাদর ও কাঁথা বিক্রি হয়। গত দুই দিন দোকানটি খোলা থাকলেও প্রথম দিন কোনো বিক্রি হয়নি। গতকাল দুপুর পর্যন্ত তিনটি চাদর বিক্রি হয়েছে। ক্রেতা সাথি ইসলাম গজ কাপড় কিনলেন। তিনি বলেন, বাচ্চাদের স্কুল ছুটি। আবার ভিড়ও কম। তাই এ সময় কেনাকাটা করতে ভালো লাগে।
বাজারের সব মাছ-সবজির দোকানে বেড়েছে ক্রেতার ভিড়। কয়েকজনকে গতকাল সকালে থলে নিয়ে ফর্দ হাতে বাজার করতে দেখা গেছে।
ঈদের পরে প্রথম কদিন শেওড়াপাড়া বাজারে কেবল মাছের দুটি দোকান খোলা ছিল। আর মাছ বলতে ছিল ইলিশ। তবে গতকাল বাজারের বেশ কয়েকটি মাছের দোকান খোলা ছিল। ইলিশের পাশাপাশি ছিল রুই, কাতল, কই, চিতল, তেলাপিয়া, শিং মাছ। ইলিশের দাম সহনশীল হলেও অন্য মাছের দাম কিছুটা বেশি।
সবজির ক্ষেত্রে বাজার ভেদে বৈপরীত্য দেখা গেছে। শেওড়াপাড়া বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি না পাওয়া গেলেও সেই সবজি কারওয়ান বাজারে ৩০-৪০ টাকার মধ্যে দেখা গেছে। তবে শাকের দাম কিছুটা বেশি। তবুও ঈদ শেষে শাকসবজির দিকেই বেশি ছুটছেন ক্রেতারা। এক মাংস আর কদিন খাওয়া যায়!