স্বরূপে ফিরবে সুচিত্রা সেনের বাড়ি
সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি স্বরূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আজ সোমবার প্রত্নতত্ত্ব অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি প্রতিনিধিদল বাড়িটি পরিদর্শন শেষে এ তথ্য জানায়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিচালক বদরুল আলম। তিনি জানান, বাড়িটি স্বরূপে ফিরিয়ে আনতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব বিভাগকে দায়িত্ব দিয়েছে। এ কারণে প্রত্নতত্ত্ব বিভাগের প্রকৌশলীদের নিয়ে তিনি বাড়িটি পরিদর্শনে আসেন। প্রকৌশলীরা বাড়িটির বিভিন্ন দিক ঘুরে দেখেছেন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মনে হয়েছে, বাড়িটির অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। মূল ভবনটির ছাঁদ ভেঙে ফেলা হয়েছে। ফলে ভবনটির ছাদ তৈরিসহ নতুন করে অনেক কাজ করতে হবে। প্রাথমিকভাবে প্রকৌশলীরা একটি বাজেট তৈরির কাজ শুরু করেছেন। বাজেটটি তৈরি হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ প্রসঙ্গে পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক বলেন, ‘সম্প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে। তিনি বাড়িটির বিষয়ে খুব আন্তরিক রয়েছেন। বৈঠকে বাড়িটিতে পরবর্তী করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন ও নাতনিরা পাবনায় আসার ইচ্ছা পোষণ করেছেন। ফলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় খুব দ্রুত বাড়িটির প্রাথমিক সংস্কারকাজ শুরুর তাগিদ অনুভব করছে। আশা করছি, আগামী নভেম্বরের মধ্যে প্রাথমিক সংস্কারকাজ শেষ হবে। এরপর স্মৃতি সংগ্রহশালার কাজ শুরু হবে।’
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেম সাগর লেনের এ বাড়িতে সুচিত্রা সেন বাবা-মা ও ভাই-বোনের সঙ্গে শৈশব-কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায় তাঁর বিয়ে হয়। এরপর তিনি স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান। পরবর্তী সময় ইমাম গাজ্জালি ট্রাস্ট নামের একটি প্রতিষ্ঠান লিজের মাধ্যমে বাড়িটি নিয়ন্ত্রণে নেয়। এ সময় তারা বাড়িটিতে কিছু পরিবর্তন আনে। পরে পাবনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বাড়িটির লিজ বাতিল করে। ইমাম গাজ্জালী ট্রাস্ট লিজ বহাল রাখতে বিভিন্ন কৌশল নেয়। শেষ পর্যন্ত নানা আইনি জটিলতা শেষে গত ১৭ জুলাই পাবনা জেলা প্রশাসন বাড়িটির নিয়ন্ত্রণে নেয়।