স্বরূপে রাজধানী, তবে উদ্বেগ যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরূপে রাজধানী, তবে উদ্বেগ যাচ্ছে না
স্বরূপে রাজধানী, তবে উদ্বেগ যাচ্ছে না

ঢাকা আবার ফিরল স্বরূপে। বিরোধী দল আহূত টানা সাড়ে চার দিনের হরতালের পর গতকাল বৃহস্পতিবার রাজধানীর রাজপথে সেই পরিচিত দৃশ্য। যানবাহনের দীর্ঘ সারি। চলছে কচ্ছপের মতো মন্থরগতিতে। মোড়গুলোতে গণপরিবহনের বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশার জটিল জটলা। আধা ঘণ্টার পথ যেতে পেরিয়ে যাচ্ছে ঘণ্টা খানেক। তবু যেন স্বস্তি ফিরেছে নগরজীবনে এই চলাচল করতে পারায়। তবে উদ্বেগ পুরো কাটছে না জনজীবন থেকে। অবরোধ চলছেই, হরতাল আবার আসবে কি না, তাও নিশ্চিত নয়।
মাস দুয়েক ধরেই ধুঁকে ধুঁকে চলছে এ শহরের জীবনযাত্রা। ঘন ঘন হরতাল ও অবরোধে রাজপথ ফাঁকা। পথে নামলে আতঙ্ক। কোথায় কখন গাড়িতে পড়বে পেট্রলবোমা, লাঠির আঘাত। কিন্তু জীবন তো আর থেমে থাকে না। সহ্যেরও সীমা আছে, ভয়েরও শেষ আছে। ইদানীং হরতাল-অবরোধেও আর আগের মতো ফাঁকা পড়ে থাকত না শহর। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, বাস নেমে পড়ত। ব্যক্তিগত গাড়ি নিয়েও পথে বের হতেন অনেকে। দোকানপাট খুলতেন বহু ব্যবসায়ী। একেবারে স্বাভাবিক পরিবেশ তাতে ফিরত না বটে, তবে একেবারে গতি রুদ্ধ হয়ে থাকার অস্বস্তি কেটে আসছিল ক্রমান্বয়ে।
আওয়ামী লীগের একতরফা সংসদ নির্বাচন প্রতিহত করার দাবিতে ১৮-দলীয় জোটের সর্বশেষ হরতাল শুরু হয়েছিল ৪ জানুয়ারি। টানা ১০৮ ঘণ্টা পর সেই হরতাল শেষ হয়েছে গত বুধবার সন্ধ্যা ছয়টায়। তবে অবরোধ গতকালও ছিল।
অবরোধ সত্ত্বেও গতকাল স্বাভাবিক দৃশ্যপট ফিরে এসেছিল রাজধানীতে। বিদ্যালয়গুলোর সামনে ছিল শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের সেই চেনা ভিড়। কয়েক বছর থেকে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন শ্রেণীতে ওঠার আনন্দ উপভোগ করেছে নতুন পাঠ্যবই হাতে পেয়ে। এবার ঘাটতি ছিল তাদের সেই আনন্দেও। হরতাল-অবরোধের কারণে সব বই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। তারা ঠিকমতো বিদ্যালয়েও যেতে পারেনি বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহের দিনগুলোতে। গতকাল বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মহানগরের শিক্ষার্থীরা।
বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে সারা দিনই যানজট লেগে ছিল।
মুগদাপাড়ার এক মা রেবেকা সুলতানা বিদ্যালয়ের দিবা শাখায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে তারান্নুমকে। তিনি জানালেন, প্রতিবার বছরের শুরু থেকেই নতুন শ্রেণীতে পড়াশোনা শুরু হয়ে যায়। এবার হরতালেই কেটে গেল প্রথম সপ্তাহটি। এখন নির্বাচনের ডামাডোল শেষ। এখন পরিস্থিতি শান্ত হলে ছেলেমেয়েরা মন দিয়ে লেখাপড়াটা করতে পারে। গত বছর চূড়ান্ত পর্বের পরীক্ষার সময় হরতালের জন্য বারবার পরীক্ষার তারিখ বদলে দেওয়ায় তাদের খুবই অসুবিধায় পড়তে হয়েছিল।
গতকাল দোকানপাটও ছিল খোলা। মগবাজারের টঙ্গী বিকল্প সড়কের রং ও হার্ডওয়্যারের ব্যবসায়ী আসমা ট্রেডিংয়ের আবুল কাশেম বললেন, দুই মাস থেকে ব্যবসার অবস্থা খুবই খারাপ। মাঝেমধ্যে দোকান খোলা থাকলেও সামান্য কিছু খুচরা বিক্রি ছাড়া বড় অঙ্কের বেচাকেনা বলতে গেলে নেই। কারণ, মালামাল পাঠাতে পারছেন না। সবাই আতঙ্কে থাকে। মালামাল ক্রেতাদের কাছে পাঠাতে অসুবিধা হচ্ছে। সমঝোতার ভিত্তিতে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। তবে যেহেতু নির্বাচন হয়েই গেছে, এখন দেশে শান্তি ফিরে আসুক, ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবে চলুক—এটাই তাঁদের কাম্য।
গতকাল মহানগরের প্রাণচাঞ্চল্য ফিরে এলেও নগরবাসীর মন থেকে উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হয়নি। একে তো অবরোধ চলছেই, তারপর আবার আগামী সপ্তাহে হরতালের কর্মসূচি আসে কি না, তাই সেই দুশ্চিন্তা ছিল অনেকের মনে। বিজয়নগরের আমদানি করা বিদেশি আসবাবের প্রতিষ্ঠান ডেলকো ফার্নিচারের ব্যবসায়ী দেলোয়ার গাজি জানালেন, তাঁর মোটা অঙ্কের ব্যাংকঋণ। বহু মালামাল তুলেছেন, ক্রেতারা আসছেন না। তাঁর ভাষ্য, এক দিন, দুই দিন বা এক সপ্তাহ এমন অবস্থা মেনে নেওয়া যায়। কিন্তু মাসের পর মাস এই পরিস্থিতি একেবারেই অসহনীয়। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দরকার। কীভাবে তা সম্ভব—এখন রাজনীতিকদের সেটিই খুঁজে দেখা দরকার।