স্বর্গের টুকরো পেয়ে উচ্ছ্বসিত সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব ও শিশির। ওয়েডিং ডায়েরির তোলা ছবি
সাকিব ও শিশির। ওয়েডিং ডায়েরির তোলা ছবি

আজকের দিনটা এমনিতেই অন্য রকম একটা দিন হওয়ার কথা ছিল। মাঠে থাকলে আজই হয়তো ওয়ানডে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যেতেন। কিন্তু যে কারণে মাঠে থাকতে পারলেন না, সেটিও কম আনন্দের উপলক্ষ নয়। বরং বলা যায়, তাঁর জীবনের সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ। প্রথমবারের মতো বাবা হওয়ার অনুভূতির সঙ্গে যে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না।

সদ্য ভূমিষ্ঠ রাজকন্যাকে কোলে তুলে নেবেন বলে কয়েক হাজার মাইল উড়াল দিয়েছে। মেয়ের মুখ দেখে সব ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেছে। সেই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করার সাধ্যও পৃথিবীর শ্রেষ্ঠতম কবি বা লেখকের নেই। তবুও সাকিবের কয়েক বাক্যের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাসটা ধরা পড়ছে।

সাকিব তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘৮ নভেম্বরের সুন্দর এই রোববারে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) আমি ও শিশির পরম করুণাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাঁদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালোবাসায়।’