স্বর্ণ চোরাকারবারি চট্টগ্রামে গ্রেপ্তার
চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের শহর শারজায় পালিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক চোরাকারবারি দলের এক সদস্য গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার দিবাগত রাতে পতেঙ্গা থানায় এসে তাঁকে শনাক্ত করার পর ঢাকায় নিয়ে গেছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া চোরাকারবারির নাম আবদুস সাত্তার (২৩)। তাঁর বাবার নাম আবদুল মান্নান। গতকাল সোমবার সকাল নয়টায় এয়ার এরাবিয়া নামের একটি ফ্লাইটে করে তাঁর শারজা চলে যাওয়ার কথা ছিল। এর আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসনসংক্রান্ত কাজ করার সময় পুলিশ তাঁকে আটক করে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আবদুস সাত্তার আন্তর্জাতিক চোরাকারবারি দলের সদস্য। মধ্যপ্রাচ্য থেকে আনা স্বর্ণের চোরাচালানের সঙ্গে তিনি জড়িত। এ কারণে ঢাকা পুলিশ তাঁর ব্যাপারে সতর্ক বার্তা প্রচার করে। সেই সূত্র ধরে আমরা তাঁকে আটক করে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করি।’
পুলিশ সূত্র জানায়, গত ৭ জানয়ারি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল চালানের স্বর্ণ জব্দ করা হয়। ওই ঘটনায় একটি মামলা হয় বিমানবন্দর থানায়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হলেন আবদুস সাত্তার। চট্টগ্রাম বন্দর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. মনজুর মোরশেদ বলেন, ‘গত ৭ জানুয়ারি ঢাকা বিমানবন্দরে সাত কেজি স্বর্ণ জব্দ করা হয়। ওই ঘটনায় বিমানবন্দরে তিনজন গ্রেপ্তার হন। ওই আসামিদের জিজ্ঞাসাবাদে আবদুস সাত্তারের নাম বেরিয়ে আসে।’