স্বর্ণ-জমি বিক্রি, ধার ও দানের অর্থে ব্যয় মেটাবেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশিদা বেগম নির্বাচনী ব্যয় মেটানোর জন্য তিন ভরি স্বর্ণ বিক্রি করেছেন। দেবীদ্বারের নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা বেগম চার লাখ ৫০ হাজার টাকায় মা হাসেনা বেগমের জমি বিক্রি করে দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী মো. জালাল উদ্দিন ভূঞা তাঁর শ্বশুর কৃষক শবদর আলী সরকারের কাছ থেকে ৫০ হাজার টাকা দান নিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা কামাল চৌধুরী ইতালিপ্রবাসী ভাই ও বোনের স্বামীর কাছ থেকে তিন লাখ টাকা করে ধার নিয়েছেন। মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবদুল খালেক দয়াল তাঁর দুই জামাতার কাছ থেকে দুই লাখ টাকা ধার নিয়েছেন।
শুধু উল্লেখিত ব্যক্তিরাই নন, কুমিল্লার তিন উপজেলার ১৬ জন চেয়ারম্যান, ১৫ জন ভাইস চেয়ারম্যান এবং আটজন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর প্রায় সবাই আত্মীয়স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনী ব্যয় মেটানোর কথা উল্লেখ করেছেন। শুধু দেবীদ্বারের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন নিজের ব্যবসা থেকে আয় হওয়া অর্থ দিয়ে নির্বাচনী ব্যয় মেটানোর কথা উল্লেখ করেছেন।
২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ফরমে প্রার্থীরা তাঁদের নির্বাচনী ব্যয় মেটানোর ক্ষেত্রে অর্থ প্রাপ্তির বিষয়টি উল্লেখ করেন।
মনোনয়নপত্র ঘেঁটে জানা গেছে, দেবীদ্বারের চেয়ারম্যান পদপ্রার্থী এ কে এম সফিকুল আলম উপজেলার বারেরা গ্রামের মোসলেহ উদ্দিন ভূঁইয়া নামের এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছেন। একই পদের অপর প্রার্থী এ এফ এম তারেক তাঁর ব্যবসায়ী ভাই এ এফ এম আলী কামালের কাছ থেকে চার লাখ টাকা দান পেয়েছেন। একই উপজেলার নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা বেগম তাঁর স্বামীর ভাই মিজানুর রহমানের কাছ থেকে তিন লাখ টাকা ধার নিয়েছেন। আরেক নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুফিয়া বেগম তাঁর চাচাশ্বশুর ওয়ালিউল্লাহ চৌধুরীর কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছেন। একই পদের অপর প্রার্থী মাহিমা আক্তার স্বামী ও খালাতো ভাইয়ের টাকায় নির্বাচন করছেন।
লাকসামে দুই শ্যালকের সিংহভাগ টাকায় নির্বাচন করছেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. নূরুন্নবী চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাকসাম উপজেলা যুবলীগের সহসভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ-দলীয় সাংসদ মো. তাজুল ইসলামের শ্যালক মহব্বত আলীকে তাঁর বোন চট্টগ্রামের খুলশী এলাকার বাসিন্দা ফৌজিয়া ইসলাম ৫০ হাজার টাকা দান করেছেন।
লাকসাম উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক রাশিদা বেগম বলেন, ‘কী করব, নির্বাচনে খরচ তো করতেই হবে। তিন ভরি স্বর্ণ বিক্রি করে দিয়েছি।’