স্বর্ণ জয়ের প্রত্যয় নিয়ে শেষ হলে গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গণিত উৎসবের সমাপনী দিনে পুরস্কার হাতে অতিথিদের সঙ্গে চার বিজয়ী। ছবি: প্রথম আলো
জাতীয় গণিত উৎসবের সমাপনী দিনে পুরস্কার হাতে অতিথিদের সঙ্গে চার বিজয়ী। ছবি: প্রথম আলো

পরীক্ষায় বসার উদ্বেগ-উৎকণ্ঠা ছিল না, ছিল কেবল আনন্দ-উল্লাস। আজ শনিবার দেশসেরা তরুণ গণিতবিদদের নিয়ে শেষ হলো দুই দিনের জাতীয় গণিত উৎসব। দেশের গণ্ডি ছাড়িয়ে এই উৎসব ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পর্যায়ের গণিত উৎসবের গৌরব অর্জন করেছে।

এবার দেশের ৩৫টি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত উৎসবে ২৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার মধ্য দিয়ে বিশ্বের সর্ববৃহৎ গণিত উৎসবের দৃষ্টান্ত স্থাপিত হয়েছ। আগামী বছর এই উৎসব আরও বড় পরিসরে, প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক পর্যায়ে বিজয়ী ১ হাজার ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে শুক্র ও শনিবার দুই দিন ধরে রাজধানীর সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ষোড়শ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এই উৎসবে সহায়তা দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক ও প্রথম আলো। এই ১৬ বছরে গণিত উৎসবে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী যুক্ত হয়েছে। সর্বশেষ গত বছর ব্রাজিল গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের অবস্থান ছিল ২৬তম। দক্ষিণ এশিয়ায় সেরা হয়েছে বাংলাদেশ। ভারতের অবস্থান ৫২, শ্রীলঙ্কার ৬২ ও পাকিস্তানের ৮১তম স্থানে। এমনকি জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ডের মতো দেশকে পিছিয়ে ফেলে এগিয়েছেন বাংলাদেশর তরুণ গণিতবিদেরা।

জাতীয় গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠানের শেষ দিনের একটি পরিবেশনা। ছবি: প্রথম আলো
জাতীয় গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠানের শেষ দিনের একটি পরিবেশনা। ছবি: প্রথম আলো

এবারের উৎসবে গণিতে সবার সেরা হয়েছে নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী তামজীদ মোর্শেদ। আর ছাত্রীদের মধ্যে সেরার সেরা হয়েছে ভিকারুননিসা নুন স্কুল ও কলেজের নবম শ্রেণির সুবহা নাওয়ার। এবার প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চারটি বিভাগে জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে ৮৩ জন। সেরাদের সেরা হয়ে চার বিভাগে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে প্রাথমিকে তাহমিদ আরমান, নিম্নমাধ্যমিকে ইপশিতা জাহান, মাধ্যমিকে মারুফ হাসান ও উচ্চমাধ্যমিকে তামজীদ মোর্শেদ।

বিজয়ীদের ভেতর থেকে ৪৫ জনকে ১৩ মার্চ থেকে ঢাকায় শুরু হবে গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার প্রস্তুতিমূলক আবাসিক কর্মশালা। সেখান থেকে নির্বাচিতদের দল যাবে আগামী জুলাই মাসে রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম গণিত অলিম্পিয়াডে।

গত বছর ব্রাজিল গণিত অলিম্পিয়াডে মাত্র এক নম্বরের জন্য বাংলাদেশের স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। তাই এবারের লক্ষ্য স্বর্ণপদক জয় করা। পাশাপাশি বাংলাদেশর অবস্থান আরও ওপরে নিয়ে যাওয়া। সেভাবেই যাকে বলে কোমর বেঁধে লাগা, সেভাবেই মগজের শক্তির এই অলিম্পিয়াডে নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশর তরুণ গণিতবিদেরা।

দেশসেরা হওয়া গৌরবে আনন্দে উদ্ভাসিত তামজীদ মোর্শেদ মা-বাবার পাশে দাঁড়িয়ে বলছিল, ‘ক্যাম্প হবে, আর ব্যক্তিগত প্রস্তুতিও থাকবে। স্বর্ণপদক জয় করাটাই এবার আমাদের সবার লক্ষ্য থাকবে। গণিতে অলিম্পিক স্বর্ণপদক এলে দেশের অবস্থানও অন্য যায়গায় চলে যাবে।’

তরুণেরা দেশের কথা ভাবছেন, এটাই আশার বিষয়। তামজীদের বাবা মনজুর মোর্শেদ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থনীতিবিদ, মা শামীমা ইয়াসমিন ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার। একমাত্র সন্তান ছেলের এই সাফল্যে তাঁরাও গর্বিত। তাঁরা বললেন, ‘ছোট থেকেই গণিতের প্রতি ওর আগ্রহ ছিল। আমরা পড়ালেখা নিয়ে ওর ওপর চাপ দিইনি। ওকে ইচ্ছেমতো পড়তে দিয়েছি। নবম শ্রেণি থেকে তামজীদ গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। আগেও কোনো না কোনো পদক পেয়েছে।’

তামজীদের মা-বাবা বলেন, গণিত উৎসবের পরিবেশও খুব ভালো। এখানে মিথ্যা, মাদক, কুসংস্কার, মৌলবাদ এসবের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়। মুক্তচিন্তার প্রতি উৎসাহিত করা হয়। ছেলেকে এই উৎসবে যুক্ত করানোর এটিও একটি বিশেষ কারণ।

গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে উল্লসিত এক অংশগ্রহণকারী। ছবি: প্রথম আলো
গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে উল্লসিত এক অংশগ্রহণকারী। ছবি: প্রথম আলো

একই রকম প্রতিক্রিয়া জানান নিম্নমাধ্যমিকে চ্যাম্পিয়ন হওয়া উত্তরা রাজউক মডেল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ঈপ্সিতা জাহানের মা রোজি হক। প্রতিযোগিতায় চার বিভাগের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি জয়ীদের মধ্যে ঈপ্সিতাই কেবল মেয়ে। ঈপ্সিতা বলে, এবার নিয়ে পাঁচবার সে গণিত উৎসবে অংশ নিয়েছে, প্রতিবারই জাতীয় পর্যায়ে এসেছে আর পদক জয় করেছে তিনবার। এবার হয়েছে তার বিভাগে সেরাদের সেরা।

ঈপ্সিতার মা বলেন, তাঁদের বাড়ি নেত্রকোনায়, বাবা আনোয়ার জাহান ব্যবসায়ী। মেয়ের গণিতে উৎসাহের কারণেই তাঁরা দুই বছর ধরে ঢাকায় এসে বসবাস করছেন, যাতে ঈপ্সিতা তার মেধার বিকাশে আরও সুযোগ পায়। এই উৎসবই মূলত ওর গণিতে উৎসাহ বাড়িয়েছে বলে জানালেন তিনি।

সকাল নয়টায় সমাপনী উৎসব শুরু হয়েছিল গানে গানে। কিশোর আলোর একটি দল গান গেয়ে শোনায়। পরে ছিল নাচের দল নিত্য রং-এর শিল্পীদের পরিবেশনায় দলীয় নৃত্য ও শিল্পী সন্ধির গান। এরপর হলো গতকাল হওয়া রুবিকস কিউব প্রতিযোগিতায় বিজয়ীদের অংশগ্রহণে চূড়ান্ত প্রতিযোগিতা। তাতে নতুন জাতীয় রেকর্ডও হয়ে গেল। মাত্র ৮ দশমিক ০৩৭ সেকেন্ডে কিউব মিলিয়ে নতুন রেকর্ড করে চ্যাম্পিয়ন হলো তাওসিফ।

এরপর সমাপনী অনুষ্ঠান। সঞ্চালক গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান জানিয়ে দিলেন আগামী বছর থেকে আরও বড় পরিসরে হবে জাতীয় গণিত উৎসব। প্রতিযোগিতার কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। আঞ্চলিক প্রতিযোগিতা আর থাকবে না। তার বদলে প্রতিটি জেলায় হবে জেলাভিত্তিক প্রতিযোগিতা। জেলার সেরাদের নিয়ে দ্বিতীয় ধাপে আট বিভাগে হবে বিভাগীয় প্রতিযোগিতা। বিভাগীয় পর্যায়ের সেরাদের নিয়ে শেষ ধাপে ঢাকায় হবে চূড়ান্ত প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের সেরাদের নিয়ে আগের নিয়মেই অলিম্পিয়াডের প্রস্তুতি ক্যাম্প ইত্যাদি হবে।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতায় প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করতে গণিত উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবের পরিধি সে কারণেই বাড়ানো হয়েছে।

ডাচ্‌-বাংলা ব্যাংকের উপমহাব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান বলেন, গণিত উৎসব শিক্ষার্থীদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীরা বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছে। তরুণদের অনেক সম্ভাবনা রয়েছে। তাঁদের সহযোগিতা করার এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এই উৎসবের অন্যতম লক্ষ্য ছিল আনন্দঘন আয়োজনের ভেতর দিয়ে শিক্ষার্থীদের গণিতভীতি কাটানো। তবে যখন এই উৎসব শুরু হয়েছিল, তখন ভাবিনি সারা দেশে এটা এত জনপ্রিয়তা পাবে। শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষক ও অভিভাবকেরা মিলে যুক্ত থেকে যেভাবে গণিত উৎসবকে সফল করে তুলেছেন, তা বিশ্বে আর কোথাও হয় না।’ তিনি উৎসবে যুক্ত সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। জাতীয় উৎসবের জন্য ২০০৫ সাল থেকে স্কুল ব্যবহার করতে দেওয়ার জন্য সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে স্কুলের উপাধ্যক্ষ সুব্রত লিও রোজারিওর (সিএসি) হাতে স্মারক তুলে দেন। সব প্রতিযোগীকে দুই দিন ধরে আইসক্রিম খাওয়ানোর জন্য ক্রেস্ট দেন লাভেলোর প্রতিনিধির হাতে। পরে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার প্রত্যয় করানো হয়।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞানী এফ আর সরকার, রেজাউর রহমান, গণিত অলিম্পিয়াডের বাংলাদেশ দলের কোচ মাহবুব মজুমদার। এরপর ছিল সেই বহুল প্রতীক্ষিত ফল ঘোষণা আর পুরস্কার বিতরণীর পালা। এ পর্ব সঞ্চালনা করেন অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান। বিজয়ী সবার জন্য ছিল সনদ, পদক, উপহারের ব্যাগ আর বিশেষ কৃতিত্ব অর্জনকারীরা আরও পেয়েছে ক্রেস্ট, ট্রফি, আর নগদ অর্থের পুরস্কার। জয়ের আনন্দ, আর ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয়ের ভেতর দিয়ে শেষ হলো গণিত নিয়ে বিশ্বের অনন্য জাতীয় উৎসব।