স্বর্ণ ব্যবসায় দুর্দিন, ভিন্ন পেশায় অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম চড়া। এর প্রভাব পড়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের ওপর। তাঁদের ব্যবসায় মন্দা যাচ্ছে। প্রতিবছর এই ঈদে নারীরা জামাকাপড় কেনার পাশাপাশি স্বর্ণালংকার তৈরি করান। ভিড় করেন স্বর্ণের দোকানে। কিন্তু এ বছর এ উপজেলায় এমন চিত্র বলতে গেলে চোখেই পড়েনি। ফলে স্বর্ণ ব্যবসায়ী ও স্বর্ণালংকার তৈরির কাজে নিয়োজিত কারিগরেরা অলস সময় কাটাচ্ছেন।প্রতি সপ্তাহে স্বর্ণের দাম বাড়ায় ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী এরই মধ্যে তাঁদের মূল ব্যবসা ছেড়ে অন্য কাজে জড়িয়ে পড়েছেন।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ উপজেলায় ছোট-বড় ৪০টি স্বর্ণের দোকান রয়েছে। উপজেলা সদরের পুরাতন বাজার তেমাথা থেকে তালোড়া রাস্তার দুই পাশে এসব দোকান গড়ে ওঠা এলাকাটি ‘স্বর্ণপট্টি’ হিসেবে পরিচিতি পেয়েছে। ষাটের দশকের দিকে উপজেলা সদরের হিন্দু ধর্মাবলম্বী দত্ত পরিবারের লোকজন স্বর্ণের ব্যবসা প্রথম শুরু করেন। লাভজনক হওয়ায় ধীরে ধীরে মুসলমানরাও এ ব্যবসায় জড়িয়ে পড়েন। উপজেলায় ৪৫-৪৬টি স্বর্ণের দোকান গড়ে ওঠে।আগে কারিগরেরা স্বর্ণালংকারের কাজ করতেন হাতে। বর্তমানে অলংকার তৈরির কাজ চলে যন্ত্রপাতি দিয়ে। দেড় শতাধিক কারিগর এ কাজ করে থাকেন। আগে একজন কারিগর কাজ করে প্রতি সপ্তাহে দুই থেকে আড়াই হাজার টাকা আয় করতেন। কিন্তু স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এবং ব্যবসায় বড় ধরনের তহবিল খাটানো সম্ভব না হওয়ায় অনেকে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন। তাঁরা হলেন: জয়া জুয়েলার্সের মালিক অমল দত্ত, দত্ত জুয়েলার্সের মালিক নিপেন দত্ত, পল্লী জুয়েলার্সের মালিক প্রদীপ বর্মণ, মীম জুয়েলার্সের মালিক জহুরুল ইসলাম খান, জগদীশ জুয়েলার্সের মালিক জগদীশ চন্দ্র অধিকারী। তাঁদের মধ্যে প্রদীপ বর্মণ ও অমল দত্ত তিন থেকে চার মাস আগে ব্যবসা ছেড়েছেন। জগদীশ চন্দ্র ও জহুরুল ইসলাম বছর দেড়েক আগে ব্যবসা ছেড়েছেন বলে জানা গেছে।স্বর্ণকারপট্টিতে বসবাসকারী আবদুর রাজ্জাক বলেন, আগে এসিড পোড়ানোর ঝাঁজাল গন্ধে বোঝা যেত, সোনার ভালো ব্যবসা চলছে। এখন এসিড পোড়ানোর গন্ধই পাওয়া যায় না।মেসার্স মাতৃ জুয়েলার্সে আসা ক্রেতা খাদিজা বেগম ও ফেন্সি বেগম বলেন, ‘স্বর্ণের যে দাম, তাতে স্বর্ণ কিনে নতুন জিনিস বানানো সম্ভব নয়। তার পরও সামনে ঈদ। তাই কানের পুরাতন দুল ভেঙে নতুন ডিজাইনের কাজ করে নিচ্ছি। তা ছাড়া আজকাল স্বর্ণের চেয়ে সিটি গোল্ডের জিনিসই ভালো। বিয়েশাদিতে আমরা সিটি গোল্ডের জিনিস ব্যবহার করি।’মেসার্স মাতৃ জুয়েলার্সের কারিগর ময়নুল ইসলাম বলেন, ‘আগে কাজ করে সপ্তাহে দুই-আড়াই হাজার টাকা কামাই করেছি। এখন সপ্তাহে ৫০০ টাকা কামাই করতে হিমশিম খাচ্ছি। এবার ঈদে কোনো কাজ নাই। স্ত্রী-ছেলেমেয়ের জন্য এখন পর্যন্ত কোনো কাপড় কিনতে পারিনি। হয়তো কারিগরের কাজ বাদ দিতে হবে।’ এ জুয়েলার্সের মালিক রথীন্দ্রনাথ দত্ত বলেন, ‘এবার কোনো কাজ নেই। বসে বসে দিন যাচ্ছে। স্বর্ণের দাম বেশি হওয়ায় বিয়েশাদি ছাড়া কোনো কাজ পাওয়া যায় না। তাই এ ব্যবসার পাশাপাশি চাতালের ব্যবসা শুরু করেছি।’ গত বুধবার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গিনি সোনার ভরি ৫৬ হাজার টাকা, আর স্থানীয়ভাবে যাকে বলে পাকা সোনা, সেটার ভরি ৬০ হাজার টাকা।দুপচাঁচিয়া স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আরবী জুয়েলার্সের মালিক জাহেদুল হক তালুকদার বলেন, স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় ব্যবসার অবস্থা খুব খারাপ। সামনে যে একটা বড় ঈদ, তা মনেই হচ্ছে না। নতুন করে কেউ স্বর্ণের জিনিস বানায় না। যে দু-একটা কাজ আসে, তা-ও ভাঙারি কাজ। এ অবস্থা দেখে অনেকেই ব্যবসা ছেড়ে দিয়েছেন।