স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি দুজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে রোববার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সোমবার রাতে ব্যবসায়ীর এক বন্ধুসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ব্যবসায়ীর পরিবারের দাবি, ডাকাতেরা প্রায় ৩০০ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা লুট করে নিয়েছে। পরিবারের লোকজন ও থানা সূত্রে জানা গেছে, ‘লোকনাথ জুয়েলার্স’-এর মালিক গোয়ালন্দ বাজার দাসপট্টির বাসিন্দা গোকুল চন্দ্র পালের বাড়িতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-১৬ জনের একদল ডাকাত প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় তাদের চিৎকারে গোকুলের ভাই লক্ষ্মণ ও ভরত এগিয়ে এলে ডাকাতেরা তাঁদের এলোপাতাড়ি কোপায় ও মারধর করে। ডাকাতেরা সিন্দুক ও চারটি আলমারিতে রাখা তিন ভাইয়ের স্ত্রীদের প্রায় ৬০ ভরি স্বর্ণ এবং ব্যবসা ও খরিদ্দারদের বন্দক রাখা আরও প্রায় ২৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে গোকুল পালকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে লক্ষ্মণ পাল বাদী হয়ে সোমবার বিকেলে থানায় প্রায় ৩০০ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা লুটের অভিযোগে অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইলিয়াস হোসেন মুন্সি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার রাতেই লক্ষণ পালের বন্ধু গোয়ালন্দ বাজারের কাঠ ব্যবসায়ী ইদ্রিস শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোয়ালন্দ পৌরসভার হানিরডাঙ্গি গ্রামের হাসেম শেখের ছেলে। এ ছাড়া ওই রাতেই দৌলতদিয়া যৌনপল্লী থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহননগর গ্রামের ছলিম শেখের ছেলে নজরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁদের রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।