স্বর্ণকারদের ব্যস্ততা বেড়েছে রায়গঞ্জেও
ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্বর্ণকারদের ব্যস্ততা বেড়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করছেন তাঁরা। গত দুই দিন উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, ঘুড়কাসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায় এসব কথা।
ধানগড়া বাজারের পাঁচজন স্বর্ণকার বলেন, আগে ঈদে কাপড়-চোপড় কেনাকাটা নিয়েই লোকজন ব্যস্ত থাকতেন। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। অনেকেই ঈদের সময় সোনার গয়না তৈরি করতে আসেন। বিষয়টি এখন ঈদের একটি অংশ হয়ে গেছে। এ ছাড়া সোনার দাম কিছুটা কমে যাওয়ায় সোনার গয়না তৈরির আগ্রহ বেড়েছে বলে তাঁরা জানান। বর্তমানে উপজেলার বিভিন্ন বাজারে ৩৭ হাজার থেকে ৩৭ হাজার ৫০০ টাকায় প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে।
গয়না তৈরি করতে আসা পাঁচজন বলেন, নতুন কাপড়ের সঙ্গে ঈদের দিনে নতুন গয়না পরার জন্য এসেছেন। অনেক দিন ধরে বলতে বলতে এবার বাড়ির লোকজন গয়না তৈরি করে দিতে রাজি হয়েছে বলে তাঁরা জানান। ধানগড়া এলাকার গৃহবধূ শিউলি ইয়াসমিন বলেন, ‘প্রতিবছর ঈদের সময়ে সোনার কিছু একটা তৈরি করি।’
ধানগড়া বাজারের মা জুয়েলার্সের মালিক গদাধর পাল বলেন, কয়েক বছর ধরে ঈদে গয়না বানানোর রেওয়াজ চালু হয়েছে। ঈদের আগে গয়না দিতে হবে বলে গভীর রাত পর্যন্ত কাজ করছেন তাঁরা। শিল্পী জুয়েলার্সের মালিক কালিপদ কর্মকার বলেন, ঈদে অনেকের আত্মীয়স্বজন একসঙ্গে হন বলে ছেলেমেয়ের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। বিয়ের গয়নার কাজও এ সময়ে করতে হয় অনেক বেশি। তাই রাত জেগে কাজ করতে হয় বলে তিনি জানান।
ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজি মোশারফ হোসেন সরকার গতকাল রোববার বলেন, এক সময়ে ঈদে সেমাই-চিনি কিনতেই সবার ত্রাহি অবস্থা হতো। কিন্তু এখন লোকজনের আয় বেড়ে যাওয়ায় এবং সময়ের পরিবর্তনে অনেক কিছুর পরিবর্তন হয়েছে বলে তিনি জানান। ঈদে সোনার গয়না তৈরি করা এ ধারারই অংশ বলে তিনি মনে করেন।
রায়গঞ্জে কর্মরত একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী বলেন, গ্রামীণ জনপদেও এখন মানুষের পছন্দের তালিকা অনেক দীর্ঘ হয়েছে, তাদের সামর্থ্যও বেড়েছে। এ কারণে ঈদে নতুন জামাকাপড়ের সঙ্গে অনেকেই সোনার নতুন গয়না তৈরি করছেন বলে তিনি জানান।
এদিকে ঈদের সময়ে উপজেলার বাজারগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে থানা-পুলিশ।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, উপজেলার বড় বড় হাটবাজারে পুলিশের টহল বাড়ানো হয়েছে। তা ছাড়া ব্যবসায়ীদের নিজেদের সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।