স্বর্ণদ্বীপের উন্নয়নে সহায়তা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নোয়াখালীর স্বর্ণদ্বীপের উন্নয়নে বন মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহায়তা করা হবে। স্বর্ণদ্বীপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই প্রিয়। দ্বীপটি নতুন বাংলাদেশ হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে।

গতকাল মঙ্গলবার স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর-৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং স্বর্ণদ্বীপ সমন্বিত সবুজ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর-৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল রাশেদ আমিন, এমএনকিউ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুনুর রশীদ, প্রধান বন সংরক্ষক মো. সফিউল আলম চৌধুরী, বন সংরক্ষক অসিত রঞ্জন পাল, নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রব, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা প্রমুখ।

মন্ত্রীকে দ্বীপে সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেন মেজর জাহিদ উদ্দিন। তিনি বলেন, সাগর, নদী বেষ্টিত এই চরটি ছিল এক সময় জলস্যুদের অভয়ারণ্য। ২০১৩ সালের ৮ মার্চ এই চরটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সরকারের সহায়তা ও সেনাবাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় চরটিকে ইতোমধ্যে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। পরবর্তী সময়ে সেনা সদরের প্রস্তাবে এই চরের নামকরণ করা হয় স্বর্ণদ্বীপ।

ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীর উদ্যোগে ইতোমধ্যে স্বর্ণদ্বীপে প্রায় ৬০ হাজার ঝাউগাছ, বাংলাদেশে প্রথমবারের মতো দেড় হাজার নারকেলের চারা ও ১৭ শ ফলদ গাছ লাগানো হয়েছে। এখানে হাঁস, মুরগি, ভেড়া, মহিষের খামার গড়ে তোলা হয়েছে। মহিষের দুধ থেকে পনির উৎপাদনের কারখানা স্থাপন করা হয়েছে।

ব্রিফিং শেষে মন্ত্রী স্বর্ণদ্বীপে এক মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।