স্বর্ণমন্দির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা ও বিশ্ব বৌদ্ধশাসন সেবকসংঘের প্রধান ধর্মীয় গুরু উপঞা জোত মহাথের ওরফে উচহ্লা ভান্তের বিরুদ্ধে অপপ্রচারণার প্রতিবাদে গতকাল বুধবার মানববন্ধন করা হয়েছে।
সর্বস্তরের বৌদ্ধ নর-নারীর ব্যানারে মানববন্ধন আয়োজনকারীরা অপপ্রচারণা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে বৌদ্ধভিক্ষু, বৌদ্ধধর্মাবলম্বী শতাধিক নারী ও পুরুষ জড়ো হন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পায়ামালা ভিক্ষু, উপাসক বাচামং মার্মা, কং জ অং মার্মা প্রমুখ।
বক্তারা বলেন, একটি অনলাইন ও কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের কতিপয় ব্যক্তি দেশের সর্বোচ্চ বৌদ্ধধর্মীয় গুরু উচহ্লা ভান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালাচ্ছে। গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা একদিকে ধর্মীয় অবমাননার শামিল, অপরদিকে গোয়েন্দা সংস্থাগুলোকে বিতর্কিত করা হচ্ছে।
স্বর্ণমন্দির ও রামমন্দিরের প্রধান উপাসক বাচামং মার্মা বলেন, একটি চক্র রামমন্দিরের জমি দখল করতে না পেরে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে আসছে। স্বর্ণমন্দির নির্মাণের সময়ও তারা বাধা দিয়েছে।
কিন্তু অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ না করার জন্য ভান্তে সব সময় বাধা দিলেও এবার তাঁরা মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন।