স্বর্ণমন্দিরে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে
বান্দরবানের বৌদ্ধ স্থাপত্য স্বর্ণমন্দিরে আগামী শনিবার থেকে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বর্ণমন্দির কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় পবিত্রতা রক্ষার স্বার্থে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
জেলা শহরের বালাঘাটা পুলপাড়ায় অবস্থিত স্বর্ণমন্দিরের কর্মীরা বলেন, ১৯৯৫ সালে স্থাপিত স্বর্ণমন্দির হিসেবে পরিচিত বুদ্ধধাতু জাদির পবিত্রতা রক্ষা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অনেক পর্যটক মন্দিরের পবিত্রতা রক্ষার নির্দেশনা মেনে চলতে চান না।
স্বর্ণমন্দিরের প্রতিষ্ঠাতা ও বিশ্ব বুদ্ধ শাসন সেবক সংঘের প্রধান পুরোহিত উ পঞা জোত মহাথের বলেন, সার্বিক অবস্থা বিবেচনায় তাঁরা অত্যন্ত বিব্রতকর অবস্থায় আছেন। তিনি বলেন, পূজারি ছাড়া অন্য কাউকে ঢুকতে না দিলে মন্দিরের পবিত্রতা রক্ষা করা সহজ হবে এবং বিব্রতকর পরিস্থিতিও এড়িয়ে চলা যাবে বলে তাঁদের ধারণা। প্রশাসন সহযোগিতার হাত বাড়ালে স্বর্ণমন্দির খুলে দেওয়া হবে।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, স্বর্ণমন্দির কর্তৃপক্ষ কোনো সমস্যার ব্যাপারে তাদের জানায়নি এবং সহযোগিতাও চায়নি। প্রশাসনকে না জানিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা অযৌক্তিক বলে তিনি মন্তব্য করেন।