স্বর্ণমূর্তি বিক্রির নামে প্রতারণার ফাঁদ
দুবাইয়ে একসঙ্গে কাজ করার সুবাদে কুষ্টিয়ার রুহুল ইমামের সঙ্গে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের মোসলেম উদ্দিনের এক আত্মীয়র পরিচয় হয়। রুহুল ইমাম ওই আত্মীয়র মাধ্যমে জানতে পারেন মোসলেমের কাছে গুপ্তধন হিসেবে পাওয়া একটি স্বর্ণমূর্তি রয়েছে। দেশে ফেরার পর গোপনে গুনাহারে এসে মূর্তি কেনার জন্য মোসলেমের সঙ্গে ২০ লাখ টাকার চুক্তি করেন রুহুল। নগদ ১০ লাখ টাকা দিয়ে এক কেজি ওজনের মূর্তিটি তিনি কিনে নেন। বাড়ি ফেরার পর ওই মূর্তির একটি অংশ এক স্বর্ণকারের কাছে বিক্রি করতে গিয়ে তিনি দেখেন সেটি স্বর্ণের নয়। এরপর মূর্তিটি ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য আবার গুনাহারে এলে মোসলেম ও তাঁর ছেলেরা রুহুলকে মারধর করেন। ভয়ভীতি দেখিয়ে তাঁরা মূর্তিটি কেড়ে নিয়ে রুহুলকে তাড়িয়ে দেন। এ ব্যাপারে ১২ জুন রুহুল বাদী হয়ে মোসলেম উদ্দিন ও তাঁর ছেলের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মামলা করেন।শুধু রুহুল ইমাম নয়, তাঁর মতো অনেকেই দূরদূরান্ত থেকে গুনাহারে এসে এই প্রতারণা চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন। পুলিশ ও জনপ্রতিনিধিদের সহায়তায় প্রতারক চক্র এ কাজ চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বর্ণমূর্তি নিয়ে প্রতারণার অভিযোগে গত ছয় মাসে দুপচাঁচিয়া থানায় ছয়টি মামলা হয়েছে।সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুনাহার ইউনিয়নের ঝাঁঝিরা, তালুচ ও ভান্ডুরিয়া গ্রামের অধিকাংশ মানুষ নকল স্বর্ণমূর্তি তৈরি ও প্রতারণার সঙ্গে জড়িত। ফাঁদে পড়ে দেশের বিভিন্ন এলাকা থেকে সপ্তাহে গড়ে একজন ব্যক্তি এ মূর্তি কিনতে এসে সর্বস্বান্ত হচ্ছেন। মূর্তি তৈরির সময় দু-একটি অংশে সোনা দেওয়া হয়। ক্রেতাকে ওই অংশগুলো দেখানো হয় যাচাই করার জন্য। তার পরও কোনো ক্রেতার সন্দেহ হলে এবং মূর্তি কিনতে না চাইলে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে মারধর করে টাকা ছিনিয়ে নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে এ প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ মাঝেমধ্যে দু-একটি মামলা নেয়। প্রতারক চক্রের দু-একজন সদস্যকে গ্রেপ্তারও করে। কিন্তু তাঁরা জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে আবারও প্রতারণা শুরু করেন। নাম প্রকাশ না করার শর্তে এ প্রতারণা চক্রের কয়েকজন সদস্য বলেন, নকল স্বর্ণমূর্তি বিক্রির টাকার ভাগ পায় না এমন কেউ নেই। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য থেকে শুরু করে পুলিশ—সবার পেটেই মূর্তির টাকা আছে।তবে গুনাহার ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম খান, ইউপি সদস্য লিখন চৌধুরী ও আবদুল মান্নান তাঁদের সম্পৃক্ততার বিষয়টি নাকচ করে বলেন, স্বর্ণমূর্তি নিয়ে প্রতারক চক্রের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ আছে। কোনো ক্রেতা পুতুল কিনতে গ্রামে এলে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে তাদের হিস্যা বুঝে নেওয়ার জন্য। পুলিশকে ‘ম্যানেজ’ না করে এ ধরনের অবৈধ ব্যবসা করার সাধ্য কারও নেই।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, মন্দ কিছু হলেই পুলিশকে দোষ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা গণসচেতনতার জন্য এ পর্যন্ত কিছুই করেননি। কাজটি সম্পূর্ণ অবৈধ, তাই কেউ প্রতারণার শিকার হয়ে পুলিশের কাছে আসে না। দু-একজন যাঁরা আসেন, সঙ্গে সঙ্গে তাঁদের মামলা নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, এ ব্যাপারে গণসচেতনতা বাড়ানোর প্রয়োজন।