স্বর্ণামতী সেতু এখন মরণফাঁদ
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারীতে অবস্থিত স্বর্ণামতী সড়ক সেতু এখন মরণফাঁদ। কংক্রিট-নির্মিত সেতুটির মূল অবকাঠামোর বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় বছর দশেক আগে এর ওপর বেইলি সেতু স্থাপন করা হয়। ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের যান চলাচলের কারণে সেতুটির ট্রানজামগুলো (স্টিলের পাটাতনকে সংযুক্তকারী ‘আই’ আকৃতির মোটা পাত) গত ১০ মাসে নয়বার ভেঙে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ হামিদুল হক জানান, ৫৬ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি ১৯৬৫ সালে নির্মাণ করা হয়। এই সেতুর ওপর দিয়ে পাঁচ টনের অতিরিক্ত ওজনের পণ্য নিয়ে কোনো যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা কেউ মানছে না। তা ছাড়া যানবাহনের ওজন পরিমাপের কোনো যন্ত্রও এখানে নেই। তাই এর ট্রানজাম বারবার ভেঙে যান চলাচল ব্যাহত হচ্ছে। তিনি বলেন, সেতুটি পুনর্নির্মাণে দুটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এগুলোর কোনো অগ্রগতি নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাত ১০টায় ট্রানজাম ভেঙে সেতুটি বিকল হয়। পরদিন সকাল আটটার দিকে নতুন ট্রানজাম স্থাপন করা হলে ১০ ঘণ্টা পর ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় একই সমস্যা হয়। এ ছাড়া ২০১৪ সালের ৭ এপ্রিল, ৮ মে, ৯ জুন, ৩০ আগস্ট, ৭ ডিসেম্বর, ১৩ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর এই সেতুর ট্রানজাম ভেঙে প্রতিবার ১০ থেকে ১২ ঘণ্টা সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
জেলা সড়ক ও জনপথ (সওজ) দপ্তর সূত্র জানায়, স্বর্ণামতি সেতু নির্মাণ প্রকল্পের ওপর ২০১৩ সালের ২৮ জুলাই প্রাক্ একনেক সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্তের আলোকে একই বছরে ২৬ সেপ্টেম্বর সড়ক পরিবহন উইং থেকে সেতুটির ডিডিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। একই বছর ১৯ নভেম্বর প্রকল্পটির সার সংক্ষেপ পরিকল্পনামন্ত্রীকে জানানো হলে ২৭ নভেম্বর তিনি প্রকল্পটি অনুমোদনে অসম্মতি জানান। তার পর থেকে সেতুটির ভাগ্য ঝুলে আছে।