স্বর্ণামতী সেতুর পাটাতন হেলে লালমনিরহাটের যোগাযোগ ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথরবোঝাই ট্রাক ওঠায় ঢাকা-রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের স্বর্ণামতী নদীর ওপর নির্মিত স্বর্ণামতী সড়ক সেতুর স্টিলের পাটাতন হেলে যায়। ছবিটি গতকাল সন্ধ্যার l প্রথম আলো
পাথরবোঝাই ট্রাক ওঠায় ঢাকা-রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের স্বর্ণামতী নদীর ওপর নির্মিত স্বর্ণামতী সড়ক সেতুর স্টিলের পাটাতন হেলে যায়। ছবিটি গতকাল সন্ধ্যার l প্রথম আলো

ঢাকা-রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের স্বর্ণামতী নদীর ওপর নির্মিত স্বর্ণামতী সড়ক সেতুর স্টিলের পাটাতন হেলে যাওয়ায় সড়কটির যান চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি পাথরবোঝাই ট্রাক সেতুর ওপর উঠলে এ অবস্থার সৃষ্টি হয়। এতে সড়কের দুদিকে তীব্র যানজটসহ লালমনিরহাটের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঝুঁকিপূর্ণ এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন বুড়িমারী স্থলবন্দর থেকে খালাস হওয়া পণ্যসামগ্রী নিয়ে ট্রাকগুলো দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও সেতুটিতে কোনো স্থায়ী সংস্কার না হওয়ায় বারবার পাটাতন ভেঙে পড়ার ঘটনা ঘটছে। সম্প্রতি এই সেতুর পাশেই আরেকটি মাটির বিকল্প সড়ক তৈরি হলেও বৃষ্টিতে সেটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাই বিকল্প এই সড়ক দিয়েও যান চলাচল বন্ধ রয়েছে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম গতকাল সন্ধ্যা সাতটায় সেতু পরিদর্শন করেন। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কাজ শুরু করতে খানিকটা বিলম্ব হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে খবর দেওয়া হয়েছে।
লালমনিরহাট সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, কাজ শেষ করতে শনিবার (আজ) পর্যন্ত লেগে যেতে পারে।