স্বর্ণার হত্যাকারীদের শাস্তির দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে স্কুলছাত্রী স্বর্ণা খাতুনকে হত্যার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন এখানকার কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী। গতকাল বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার ৪২টি মাধ্যমিক স্কুলের ১৪ হাজার শিক্ষার্থী এবং সাড়ে ৫০০ শিক্ষক-কর্মচারী একযোগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের প্রধান সড়কে ৩০ মিনিটের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন হত্যাকারীদের বিচারের দাবিতে। পাবনা শহরের রাধানগরেও গতকাল সকাল ১০টায় পাবনা জেলা নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের আওতায় প্রতিবাদ সভা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি ছাড়াও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের সমাবেশ হয়। এসব সমাবেশে পৃথকভাবে স্কুলগুলোতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহত স্বর্ণা খাতুনের স্কুল বাঁশেরবাদায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক মানববন্ধন কর্মসূচি চলাকালে এলাকার মানুষও অংশ নেয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, স্বর্ণার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বখাটেদের গ্রেফতারের দাবি জানানো হয় এখানকার বিভিন্ন সমাবেশ থেকে।