স্বর্ণালংকার ফেরত পেতে গ্রাহকদের ধরনা, উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্ত্রীর হাতের বালা বন্ধক রেখে নন্দরাম ধর মহাজনের কাছ থেকে ২৫ হাজার টাকা কর্জ নিয়েছিলাম। ৩০ এপ্রিল সমস্ত দেনা শোধ করে ওই স্বর্ণ ফেরত আনার কথা। কিন্তু তার আগেই বিজিবির সদস্যরা ঘর থেকে সব স্বর্ণালংকার নিয়ে গেছে। এখন বালাটি ফেরত পাব কি না, টেনশনে আছি।’
কথাগুলো সুনীল পালের (৪৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী। সুনীলের মতো চকরিয়ার ফাঁসিয়াখালী গ্রামের নাজিম উদ্দিনও (২৮) নন্দরাম ধর মহাজনের কাছে স্বর্ণ বন্ধক রেখে ২০ হাজার টাকা নিয়েছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের দুজনের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কথা হয়।
শুধু সুনীল বা নাজিম উদ্দিন নন, তাঁদের মতো আরও অনেকে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভিড় করেন। তাঁরা সবাই জব্দ করা স্বর্ণালংকার ফেরত চান।
গত রোববার রাতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চকরিয়া পৌরসভার হিন্দুপাড়ায় নন্দরামের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৮ কেজি বন্ধকি স্বর্ণালংকার জব্দ করেন। গ্রেপ্তার করেন নন্দরাম ধর (৫৫), তাঁর দুই ছেলে পলাশ ধর (৩০) ও সুমন ধরকে (২৮)। এ ছাড়া নগদ ১০ লাখ ৪৭ হাজার ১২০ টাকা, ৭৬৫ গ্রাম রুপা, ১৫টি মুঠোফোন, ছয়টি পাসপোর্ট ও স্বর্ণ বন্ধকি রাখার কাগজপত্র জব্দ করা হয়। এ ব্যাপারে চকরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ জানান, জব্দ বন্ধকি স্বর্ণালংকার ফিরে পেতে অসংখ্য মানুষ থানায়ও ভিড় করছেন।
নন্দরামের স্ত্রী পারুল রানী (৫১) জানান, বন্ধকি স্বর্ণালংকার ফেরত পেতে তাঁর বাসায় নারী-পুরুষের ভিড় পড়ে গেছে। অনেকে হাউমাউ করে কাঁদছেন। কিন্তু তিনি তাঁদের কিছুই বলতে পারছেন না।
বাংলাদেশ জুয়েলারি সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি ঝন্টু ধর জানান, জব্দ করা স্বর্ণালংকার গ্রাহকদের ফেরত, মামলা প্রত্যাহার ও তিন ব্যবসায়ীর মুক্তি দাবি করে সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।
চকরিয়া থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত তিন ব্যবসায়ী বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন। সুবিধাজনক সময়ে তাঁদের এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
যোগাযোগ করলে জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, তিনি স্মারকলিপি পেয়েছেন। বিষয়টি দেখছেন।