চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাসা থেকে স্বর্ণালংকার, হীরার আংটি ও নগদ টাকা চুরির ঘটনায় দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হীরার আংটি ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত পুলিশ নগরের বায়েজিদ এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন রুমি আক্তার (২৩) ও মুক্তা বেগম (২২)। দুজনই চট্টগ্রামে পোশাকশিল্প কারখানার কর্মী। পুলিশ সূত্র জানায়, ৩ জুলাই ব্যবসায়ী দিদারুল আলমের সুগন্ধা আবাসিক এলাকার বাসার ড্রয়ার ভেঙে ১০ ভরি স্বর্ণ, একটি হীরার আংটি ও নগদ দেড় লাখ টাকা চুরি হয়। চার দিন পর তিনি চুরির ঘটনা আঁচ করতে পারেন। এরপর তিনি গত বুধবার রাতে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মর্জিনা আকতার প্রথম আলোকে বলেন, ‘মামলা হওয়ার পর আমরা রাতেই অভিযানে শুরু করি। বায়েজিদ এলাকা থেকে এজাহারভুক্ত আসামি রুমি ও মুক্তাকে গ্রেপ্তার করি। এ সময় তাঁদের কাছ থেকে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আরেক জায়গা থেকে হীরার আংটি উদ্ধার করা হয়।’