প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুরের এক বাসায় গত বুধবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল নিয়ে গেছে।মিরপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার পৌনে আটটার দিকে আট-নয়জন লোক কল্যাণপুরের তিন নম্বর সড়কের এক বাসার সামনে এসে কলবেল দেয়। বাসার সদস্যরা দরজা খোলার আগে পরিচয় জানতে চাইলে ওই যুবকেরা বলে, ‘আমাদের পুলিশ ধাওয়া করেছে। একটু আশ্রয় দিন। পাঁচ মিনিট পর চলে যাব।’ কিন্তু দরজা খোলার পরপরই কয়েকজন যুবক ভেতরে ঢুকে চাপাতি ও চাকুসহ দেশীয় অস্ত্রের মুখে বাসার সদস্যদের জিম্মি করে ফেলে। তারা সদস্যদের একটি কক্ষে নিয়ে গিয়ে কাপড় দিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং চাবি দিয়ে আলমারি খুলে আট ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, দুটি মোবাইল ফোন সেট, একটি ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান মালামাল নিয়ে যায়।