স্বর্ণালংকারসহ সিন্দুকই নিয়ে গেল ডাকাতের
সিন্দুক খুলে স্বর্ণালংকার নিতে গেলে অনেক সময়ের দরকার। তাই সিন্দুক খোলার ঝামেলায় যায়নি ডাকাতেরা। দোকানে ঢুকে সিন্দুক নিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় তারা। গতকাল বুধবার ভোরে পুরান ঢাকার বকশীবাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেছে।দোকানের মালিক মো. শাহজাহান দাবি করেছেন, সিন্দুকের ভেতর ৫২ ভরি স্বর্ণালংকার, ৩৫ ভরি রুপার অলংকার ও নগদ ৫২ হাজার টাকা ছিল। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দোকানের দুই কর্মচারী ও এলাকার তিনজন নৈশপ্রহরীকে আটক করেছে।পুলিশ সূত্র জানায়, বকশীবাজার লেনের ১০/৭ নম্বর নিউ সোহাগ জুয়েলার্সে মঙ্গলবার রাতে দোকানের মালিকের ছোট ভাই আবু তাহের ও কর্মচারী পল্টন ঘুমিয়ে ছিল। শাটারের বাইরে থেকে তালা ছিল না। গতকাল ভোর চারটার দিকে সাত-আটজনের একদল ডাকাত দোকানের ভেতরে ঢুকে দুজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সিন্দুক লুট করে।আবু তাহের ও কর্মচারী পল্টন জানান, ভেতর থেকে শাটার বন্ধ করে তাঁরা ঘুমিয়ে ছিলেন। ভোরে শাটার খোলার শব্দে তাঁদের দুজনের ঘুম ভেঙে যায়। শাটার খুলেই মুখোশধারী ডাকাতেরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। কয়েক মুহূর্তের মধ্যেই ডাকাতেরা সিন্দুক নিয়ে পালিয়ে যায়। এ সময় দুজনে চিত্কার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। দোকানের মালিক শাহজাহান বলেন, দোকানে লোক থাকায় বাইরে থেকে তালা মারা ছিল না। তবে ভেতর দিয়ে শাটার বন্ধ করার ব্যবস্থা রয়েছে, সেভাবেই বন্ধ ছিল। কিন্তু ডাকাতেরা শাবল দিয়ে শাটার খুলে ফেলে।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত-সংশ্লিষ্টরা জানান, ডাকাতির ঘটনা রহস্যজনক। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।