নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সমিরউদ্দিন ভূঁইয়ার বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ আহত হয়েছেন। এলাকাবাসী চার ডাকাতকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাত দুইটার দিকে লক্ষ্মীপুরা গ্রামে সমিরউদ্দিন ভূঁইয়ার বাড়িতে হানা দেয় একদল ডাকাত। ডাকাতেরা একতলা বাড়ির বারান্দার লোহার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢোকে। এরপর ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। ডাকাতেরা এক লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার ও সাতটি মুঠোফোনসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে। বাধা দিলে ডাকাতেরা সমিরউদ্দিন ভূঁইয়ার পুত্রবধূ সুমি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আবদুল মালেক, আমির হোসেন, আবদুল খালেক ও আবুল মনসুর নামের চার ডাকাতকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত সুমি আক্তারকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।