চট্টগ্রাম নগরের বন্দর থানার ধোপপুল এলাকার একটি স্বর্ণালংকারের দোকান থেকে গতকাল শুক্রবার একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। ওই দোকানের মালিককে ফাঁসানোর জন্য কেউ সেখানে অস্ত্রটি রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে পুলিশ ধোপপুল এলাকার হাজী সিরাজ ম্যানশনের ‘তরফ আলী শাহ জুয়েলার্সে’ তল্লাশি চালিয়ে একটি পয়েন্ট টু টু বোরের দেশীয় রিভলবার উদ্ধার করে। ওই জুয়েলার্সের মালিক পলাশ ধর।এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ওসি নুরুল আফছার বলেন, স্যামসাং ব্র্যান্ডের একটি পুরোনো ডিভিডির ভেতরে রিভলবারটি রাখা ছিল। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি একজন নারীকে সঙ্গে নিয়ে দুটি চুড়ি ও একটি নাকফুল মেরামত করতে ওই দোকানে যান। পরে কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা বলে ওই দুজন মেরামত করতে আনা স্বর্ণালংকার ও ডিভিডিসহ একটি প্যাকেট দোকানে রেখে যায়।ওসি নুরুল আফছার বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ওই ব্যক্তি আর দোকানে আসেননি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। ওসি বলেন, ‘মনে হচ্ছে, পলাশ ধরকে ফাঁসানোর জন্য কেউ এ কাজ করেছে। আমরা তদন্ত করছি। কিছু সূত্র পেয়েছি। সেই সূত্র ধরে তদন্ত এগোচ্ছে।’এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।