স্বর্ণালংকারের দোকানে ককটেল ফাটিয়ে ডাকাতি ১১৪ ভরি স্বর্ণ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা এলাকার সোনাপট্টিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বর্ণালংকারের একটি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে দোকানের ১১৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে দোকানমালিক অভিযোগ করেছেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে ডাকাতেরা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দোকানের মালিক ও কর্মচারীসহ সাতজন আহত হয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে ও ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও জুয়েলারি মালিক সমিতি বিক্ষোভ মিছিল করেছে। সাত দিনের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার না করা হলে ব্যবসায়ীরা বৃহত্তর কর্মসূচি দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে ব্যবসায়ীরা সবাই ইফতার করতে ব্যস্ত ছিলেন। এ সময় ছয় থেকে সাতজনের এক দল ডাকাত একটি সাদা মাইক্রোবাস নিয়ে চাটমোহর পৌর সদরের দোলবেদিতলা এলাকার ‘সন্দ্বীপ জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে হানা দেয়। তারা অস্ত্রের মুখে দোকানের মালিক সন্দ্বীপ কর্মকার (৫০) ও কর্মচারী ইউনুস আলীকে (৩০) মারপিট করে স্বর্ণালংকার লুট করতে থাকে। একপর্যায়ে মালিক-কর্মচারীদের চিৎকারে আশপাশের দোকানের কর্মচারীরা এগিয়ে গেলে ডাকাতেরা তাঁদের লক্ষ্য করে পর পর পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় সন্দ্বীপ কর্মকার, কর্মচারী ইউনুস আলী, পাশের দোকানের সমর কর্মকার, বিকাশ, সঞ্জয়, সঞ্জয় ও দুলাল আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সন্দ্বীপ কর্মকার অভিযোগ করেন, ডাকাতেরা তাঁর দোকান থেকে ১১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে একটি মামলা করেছেন। সোনাপট্টি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডাকাতদের ধরতে তদন্ত ও অভিযান চালানো হচ্ছে।