স্বর্ণের পুতুল বিক্রির প্রলোভন দেখিয়ে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বর্ণের পুতুল বিক্রির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে মুঠোফোনের পাঁচটি সেট ও পাঁচ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। একদল দুর্বৃত্ত ২ মার্চ রাতে তিনজনের কাছ থেকে মুঠোফোন ও টাকা নিয়ে যায়।উপজেলার আক্কেলপুর রাস্তার পাইকপাড়ার সরকারি খাদ্যগুদামের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন ৩ মার্চ দুপচাঁচিয়া থানায় ১৫ জনের নামে মামলা করেন।মামলার সূত্রে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী এলাকার খালেদ বিন আলী ওরফে ফয়সাল সৌদি আরবে চাকরি করার সময় দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামের নুরুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ২ মার্চ সন্ধ্যায় ফয়সাল তাঁর ছোট ভাই জাহিদ বিন আকন্দ ও বিপ্লব সিকদারকে নিয়ে নুরুল ইসলামের বাড়ি যাওয়ার জন্য দুপচাঁচিয়ায় আসেন। পথে নুরুল ইসলামের পরিচিত শাহিন ইসলাম তাঁদের সঙ্গে রওনা হন। রাতে শাহিন অপর এক লোকের বাড়িতে তাঁদের নিয়ে যান। সেখানে তিনি স্বর্ণের একটি পুতুল দেখিয়ে তা বিক্রির কথা বলেন। তাঁরা ওই পুতুল না কিনে চলে আসেন। পাইকপাড়া সরকারি খাদ্যগুদামের কাছে এলে পুতুল বিক্রেতারা তাঁদের কাছ থেকে মুঠোফোনের সেট ও পাঁচ লাখ টাকা নিয়ে যান। এ ঘটনায় ফয়সাল বাদী হয়ে মামলা করেন। শাহিন ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।