খোলাবাজারে বিক্রি করার জন্য সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী সরবরাহ করছে। পবিত্র রমজান উপলক্ষে মে মাসের ১৫ তারিখ থেকে এ কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে। কিন্তু শরীয়তপুরের কোথায়ও এ কার্যক্রম নেই।
জেলা শহরের মধ্যে প্রতিদিন দুটি ট্রাকে করে চিনি, সয়াবিন তেল, মসুর ডাল ও ছোলা বিক্রি করার কথা। শরীয়তপুর জেলায় টিসিবির নয়জন পরিবেশক রয়েছেন। লোকসান হওয়ার ভয়ে কোনো পরিবেশক টিসিবি থেকে পণ্য উত্তোলন করে সরবরাহ করছেন না।
টিসিবির বরিশাল কার্যালয় ও শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর জেলায় টিসিবির নয়জন পরিবেশক রয়েছেন, যাঁদের মধ্যে আটজন পরিবেশকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। জেলা সদরে টিসিবির পণ্য বিক্রি করার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল মদিনা ট্রেডার্স, হিমালয় ট্রেড ইন্টারন্যাশনাল, রাহাত এন্টারপ্রাইজ ও খান ট্রেডার্সকে। এদের মধ্যে একমাত্র রাহাত এন্টারপ্রাইজের লাইসেন্সের মেয়াদ রয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের হাতে পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে গ্রামপর্যায়ে পণ্যসামগ্রী সরবরাহ করছে। জেলা সদরে প্রতিদিন দুটি ট্রাকে করে পণ্যসামগ্রী বিক্রি করার কথা। প্রতিটি ট্রাকে প্রতিদিন বিক্রি করার জন্য একজন পরিবেশককে ৪০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল, ৩০০ লিটার সয়াবিন তেল ও ৪০০ কেজি ছোলা বরাদ্দ দেওয়া হয়। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৮০ টাকা, ছোলা ৭০ টাকা ও সয়াবিন তেল ৮৫ টাকা লিটার দরে বিক্রি করার কথা। একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মসুর ডাল, ৫ কেজি ছোলা ও ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
বর্তমানে শরীয়তপুরের হাটবাজারগুলোতে প্রতি কেজি চিনি ৭২ টাকা থেকে ৭৫ টাকা, মসুর ডাল ৯০ টাকা থেকে ১২০ টাকা, ছোলা ৮৫ টাকা থেকে ৯০ টাকা ও সয়াবিন তেল ১০৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
টিসিবির পরিবেশকেরা জানান, টিসিবির সরবরাহ করা পণ্য বরিশাল কার্যালয় থেকে শরীয়তপুরে আনতে হয়। বরিশাল থেকে পণ্য আনার জন্য ট্রাকভাড়া ১০ হাজার থেকে ১২ হাজার টাকা, পণ্য ওঠানো-নামানোর খরচ হয় প্রতি মেট্রিক টনে ৫০০ টাকা। আর টিসিবি থেকে প্রতি কেজিতে খরচসহ ব্যবসা দেওয়া হয় সাড়ে চার টাকা। প্রতি ট্রাকের ১ হাজার ৪০০ কেজিতে পাওয়া যায় ৬ হাজার ৩০০ টাকা। আর খরচ হয় ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকা। প্রতি ট্রাকে ডিলারের লোকসান হবে ৫ হাজার টাকা থেকে সাড়ে ৬ হাজার টাকা।
টিসিবির শরীয়তপুর সদরের পরিবেশক রাহাত এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন বলেন, ‘ছয় বছর যাবৎ টিসিবির লাইসেন্স করেছি। এ সময়ে আট লাখ টাকা লোকসান হয়েছে। এখন আর পারছি না, তাই এক বছর যাবৎ টিসিবি থেকে কোনো পণ্য উত্তোলন করছি না।’
শরীয়তপুর সদরের গয়াতলা এলাকার পরিবেশক মদিনা ট্রেডার্সের মালিক মহসিন উদ্দিন বলেন, ‘টিসিবি এক কেজি পণ্যের বিপরীতে সাড়ে চার টাকা দিচ্ছে। আমাদের পণ্যসামগ্রী এনে বিক্রি করতে খরচ হচ্ছে সাড়ে ছয় টাকা থেকে সাত টাকা। আমরা কেন লোকসান দেব?’
টিসিবির বরিশাল কার্যালয়ের অফিসপ্রধান হাওলাদার মোহাম্মদ মাসুম বলেন, ‘বরিশাল থেকে শরীয়তপুরে পণ্যসামগ্রী পৌঁছাতে খরচ বেশি, এ অজুহাতে ডিলারেরা পণ্য নিচ্ছেন না। আমরা তাঁদের একসঙ্গে তিন দিনের মালামাল নিতে বলেছি, এতে খরচ কিছুটা কম পড়ে। তারপরও তাঁদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। শরীয়তপুর টিসিবির পণ্য সরবরাহ করার জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। পুরোনো ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।’