স্বল্প আয়ের মানুষের ভরসা 'হোটেল জামাইহাটা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ২০ টাকাতেই জামাই আদরে মিলছে পেট পুরে খাওয়ার সুযোগ। তবে মাংস-ভাত খেতে লাগবে ৬০ টাকা। ৪০ বছর ধরে এ রকম ১৩টি খাবার দোকান সচল রয়েছে। এ সুযোগ মিলছে নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় রসুনহাটের ‘হোটেল জামাইহাটায়’।

দূরের গ্রাম থেকে আসা আর্থিকভাবে অসচ্ছল শ্রমজীবী, মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ এসব হোটেলের খদ্দের। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হোটেলগুলো খোলা থাকে। পজিশন ভাড়া না লাগা, আড়ম্বরবিহীন আসবাবের ব্যবহার এবং দক্ষ কিন্তু অপেক্ষাকৃত কম কর্মচারী দিয়ে কাজ চালানোয় এখানে মোটামুটি ভালো মানের খাবার কম দামে পাওয়া যাচ্ছে বলে হোটেল সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, পৌরসভার ওপর দিয়ে বয়ে যাওয়া নন্দকুঁজা নদীর তীরে চাঁচকৈড় হাটে পণ্য বেচাকেনাকে ঘিরে বসেছে স্বল্প দামের এই খাবারের দোকান। বাঁশ গেড়ে ওপরে ও চারপাশে মোটা পলিথিন দিয়ে ঘেরা এসব দোকান। বসার জন্য সাধারণ কাঠের টেবিল-বেঞ্চ। গরম গরম পরিবেশনের জন্য রান্না করা খাবার ভরা হাঁড়িগুলো সব সময়ই থাকছে কয়লার আগুনের ওপর। খদ্দেররা এসে সরাসরি খাবার দেখে থালায় করে নিয়ে গিয়ে টেবিলে বসেন খেতে।

দোকানিরা বলেন, দেড় প্লেট ভাত ও একটি ডিমের তরকারি খেতে লাগে ২০ টাকা, সিলভার কার্প, নলা, রুই ও মৃগেল মাছের একটি টুকরাসহ ভাত ২০, গরু-মহিষের ভুঁড়ি (বট) ৩০, চার-পাঁচ টুকরা গরু-মহিষের মাংসসহ দেড় প্লেট ভাত ৬০ টাকা।

গত বৃহস্পতিবার খেতে আসা অন্তত ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, দামি হোটেলে ডিমের তরকারি দিয়ে দেড় প্লেট ভাত খেতে লাগে নিদেনপক্ষে ৪০ টাকা আর মাংস দিয়ে তো ৮০ থেকে ৯০ টাকা। খেতে আসা এসব মানুষ এসেছেন গুরুদাসপুরসহ আশপাশের বড়াইগ্রাম, সিংড়া, চাটমোহর, তাড়াশ, সলঙ্গা, রায়গঞ্জ, উল্লাহপাড়া উপজেলা থেকে।

হোটেলের নাম সম্পর্কে দোকানিরা বলেন, শ্বশুরবাড়িতে গেলে যেমন আন্তরিক আপ্যায়ন মেলে, তেমনি মাত্র ২০ টাকা খরচ করে এসব হোটেলে এলে আপ্যায়নসহকারে পেট ভরে খাওয়া মেলে। এ কারণে হোটেলের নাম হয়েছে ‘জামাইহাটা’।

দোকানি জাহিদুল ইসলাম, মজিদ, খবির ও মালেক বলেন, সপ্তাহে দুটি (শনি-মঙ্গল) হাট বসে। একজন হোটেল মালিক প্রতি হাটে ৫০ থেকে ৮০ কেজি চালের ভাত বিক্রি করেন। তরকারিতে লাভ না হলেও ভাতে লাভ হয়। গড়ে ১০ হাজার টাকা বিক্রি হয়।