স্বল্প খরচে চিকিৎসার উপায় বের করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প খরচে চিকিৎসার উপায় খুঁজে বের করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে সরকার চিকিৎসকদের সব ধরনের সহায়তা দেবে বলে উল্লেখ করেন তিনি।গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিক্স’ বিভাগ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ চালুর মাধ্যমে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর হলো। এই বিভাগ থেকে এমপিএইচ, এমফিল ও এমডি ডিগ্রি দেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেবাধর্মী প্রতিষ্ঠান রকফেলার ফাউন্ডেশন এই বিভাগ স্থাপনে সাহায্যের হাত বাড়িয়েছে। এ জন্য রকফেলার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে। তা সত্ত্বেও সার্বিক জনস্বাস্থ্য পরিস্থিতি আশানুরূপ অগ্রগতি লাভ করেনি। চিকিৎসা-ব্যবস্থায় প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের জন্য পর্যাপ্ত লোকবলের অভাব এবং রোগ প্রতিরোধের চেয়ে রোগ নিরাময়ের ওপর বেশি গুরুত্বারোপের কারণে আশানুরূপ অগ্রগতি হয়নি বলে তিনি মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, জন্ম-মৃত্যুর রেকর্ড, সংক্রামক ব্যাধি ও শিশুদের টিকাদান সম্পর্কিত তথ্য সংরক্ষণ করা বাধ্যতামূলক হলেও এসব তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হয় না। তিনি স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, কমিউনিটি ক্লিনিক, হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ও জনবল বাড়ানো, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে ইউরোলজি বিভাগ চালু, জেলাপর্যায়ের করনারি কেয়ার ইউনিট স্থাপন ও হার্ট সার্জারির ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, ইতিমধ্যে পাঁচ হাজার চিকিৎসক, এক হাজার ৭৪৭ জন সেবিকা, ছয় হাজার ৩৯১ জন সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই আরও পাঁচ শতাধিক চিকিৎসক, পাঁচ হাজার সেবিকা এবং ১৪ হাজার সহকারী নিয়োগ দেওয়া হবে। শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, এ জন্য ৪৮৫ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বক্তব্য দেন।ভারতীয় নৌবাহিনী-প্রধানের সাক্ষাৎ: সফররত ভারতের নৌবাহিনী-প্রধান নির্মল ভার্মা গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষাতের সময় শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় ভারতের সহায়তার কথা স্মরণ করেন। অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মো. সালাউদ্দিন মিয়াজী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার এ সময় উপস্থিত ছিলেন।