স্বল্প সময়ে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা উঠবে, আশা যুক্তরাজ্যের
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভূমিকা রাখতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। জবাবে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক আশা প্রকাশ করেছেন, স্বল্প সময়ের মধ্যে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাজ্যের ফরেন ও কমনওয়েলথ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ডিজি জনাথন অ্যালেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করেন। এ প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেকও ছিলেন।
মন্ত্রী এ সময় বিমানবন্দরে গৃহীত নিরাপত্তাব্যবস্থা এবং স্থাপন করা নিরাপত্তা সরঞ্জামাদি সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন। তিনি হজরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর বিমানবন্দরের সমপর্যায়ে উন্নীত হয়েছে বলে দাবি করেন। নিরাপত্তাব্যবস্থার সার্বিক উন্নয়নে যুক্তরাজ্যের পরামর্শক প্রতিষ্ঠান ‘রেড লাইন সিকিউরিটিজ’ এ বছরের মার্চ থেকেই কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য সরকার বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বদলে যাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তা ছাড়া বিষয়টি নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করছে বলে তিনি জানান। স্বল্প সময়ের মধ্যেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সচিবালয়ে আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম জিয়াউল হক।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট চলতি বছরের মার্চে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে।