স্বল্প সময়ে ফলনশীল ধানের জাত উদ্ভাবনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানীরা নতুন নতুন জাত উদ্ভাবন করায় গত ৪০ বছরে দেশে ধানের উৎপাদন তিন গুণ বেড়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে দেশের খাদ্যনিরাপত্তা। এ হুমকি মোকাবিলায় স্বল্প সময়ে ফলনযোগ্য ধানের জাত উদ্ভাবন করতে হবে। গতকাল সোমবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলা হয়।পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় তিনি বলেন, দেশের ধান উৎপাদনে ব্রি অনেক সফলতা দেখিয়েছে। তাদের সাফল্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তিনি খরা, বন্যা ও লবণাক্ততা-সহিষ্ণু বিভিন্ন জাতের ধান উদ্ভাবনের আহ্বান জানিয়ে বলেন, শুধু উদ্ভাবনই নয়, সেগুলো কৃষক পর্যায়ে দ্রুত পৌঁছাতে হবে।কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) মো. শমসের আলী। এতে গত এক বছরে ব্রির গবেষণা কার্যক্রমের পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির চার দশকের অর্জন ও অগ্রগতি সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। তিনি জানান, ব্রি এ পর্যন্ত চারটি হাইব্রিডসহ মোট ৬১টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর বলেন, কৃষি অর্থনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল লতিফ বলেন, কৃষকের বর্তমান সময়ের চাহিদা স্বল্পমেয়াদি বিভিন্ন ধানের জাত। এগুলো ব্রি উদ্ভাবন করতে পারলে তা দ্রুতই কৃষকদের মধ্যে সরবরাহের কাজটি অধিদপ্তর করবে।কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জমসের আহামদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রির মহাপরিচালক মো. সাইদুল ইসলাম।